কানাডায় পিএইচডিতে বছরে ৬৫ লাখ টাকার বৃত্তি, চার বছর মিলবে সুবিধা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৬

কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো পিএইচডি পর্যায়ের মেধাবী গবেষকদের জন্য ১০ কোটি কানাডীয় ডলারের বৃত্তি কর্মসূচি চালু করছে। ‘প্রেসিডেন্টস ইমপ্যাক্ট স্কলারশিপ প্রোগ্রাম’ নামের এ কর্মসূচির আওতায় প্রতিবছর ৫০ জন গবেষককে চার বছর মেয়াদে বৃত্তি দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বছরে ৮০ হাজার কানাডীয় ডলার পাবেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬৫ লাখ ৬০ হাজার টাকা। চার বছরে একজন শিক্ষার্থী মোট ৩ লাখ ২০ হাজার কানাডীয় ডলার পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা। বিনিময় হার অনুযায়ী টাকার অঙ্কে পরিবর্তন হতে পারে।

যেভাবে গঠিত হয়েছে বৃত্তির তহবিল

বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, কানাডার একটি পারিবারিক ফাউন্ডেশন এ কর্মসূচির জন্য পাঁচ কোটি কানাডীয় ডলার অনুদান দিয়েছে। উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়টির গবেষণা কার্যক্রমে দীর্ঘদিন ধরে সহায়তা দিয়ে আসছে ফাউন্ডেশনটি।

ফাউন্ডেশনের অনুদানের সমপরিমাণ অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তহবিলে যুক্ত করেছে। ফলে কর্মসূচিটির মোট তহবিল দাঁড়িয়েছে ১০ কোটি কানাডীয় ডলার।

বিশ্ববিদ্যালয়টির দাবি, কানাডায় এ ধরনের বৃত্তি কর্মসূচির মধ্যে এটি সবচেয়ে বড়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর বৃত্তি কর্মসূচির সঙ্গেও এর তুলনা করা যায়।

কবে থেকে শুরু হবে বৃত্তি

২০২৭ সালের সেপ্টেম্বর থেকে এ কর্মসূচির আওতায় নতুন শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া শুরু হবে। প্রতিবছর ১২ থেকে ১৩ জন নতুন শিক্ষার্থী চার বছর মেয়াদে এ বৃত্তি পাবেন। কর্মসূচির চতুর্থ বছর শুরুর সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৫০-এ পৌঁছাবে। এরপরও প্রতিবছর ৫০ জন শিক্ষার্থীর জন্য বৃত্তি চালু থাকবে।

এ কর্মসূচির মাধ্যমে পিএইচডি পর্যায়ে মেধাবী গবেষকদের আকৃষ্ট করা এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে ইউনিভার্সিটি অব টরন্টো।

তথ্যসূত্র: সিবিসি নিউজ