মালয়েশিয়ায় প্রতারণার অভিযোগে আটক ৩৯ বাংলাদেশি

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাণিজ্যিক অপরাধ ও অনলাইন প্রতারণার অভিযোগে বিদেশি নাগরিকদের গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে। দেশটির পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত এসব অভিযোগে গ্রেপ্তার হওয়া বিদেশিদের মধ্যে ৩৯ জন বাংলাদেশের নাগরিক।

মালয়েশিয়ার পুলিশের বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগের পরিচালক দাতুক রুসলি মোহাম্মদ ইসা জানান, ২০২৪ সালে দেশটিতে এ ধরনের অপরাধে ১ হাজার ৬ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। ২০২৫ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৬৬৩ জনে, যা আগের বছরের তুলনায় ৬৫ দশমিক ৩ শতাংশ বেশি।

চলতি বছরের প্রথম পাঁচ মাসে গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৪৬২ জন বিদেশি। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি চীনের নাগরিক—৯৯৩ জন। এ ছাড়া ইন্দোনেশিয়ার ৮৫, ভিয়েতনামের ৪৯, মিয়ানমারের ৪২, বাংলাদেশের ৩৯ এবং তাইওয়ানের ৩৭ জন রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে পর্যন্ত গ্রেপ্তার হওয়া বিদেশিদের মধ্যে ৯৫৫ জন সামাজিক ভিজিট পাস এবং সাতজন পর্যটন পাস নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন।

তবে শুধু গ্রেপ্তারের পরিসংখ্যান দিয়ে কোনো দেশের নাগরিকদের অপরাধে সম্পৃক্ততা কিংবা মালয়েশিয়াকে আন্তর্জাতিক প্রতারণা চক্রের ঘাঁটি হিসেবে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা যায় না বলে সতর্ক করেছেন পুলিশের এক কর্মকর্তা।

আন্তর্জাতিক প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযান জোরদার করার পাশাপাশি ইমিগ্রেশন বিভাগ ও বিদেশি দূতাবাসগুলোর সাথে সহযোগিতা বাড়ানোর কথা জানিয়েছে মালয়েশিয়ার পুলিশ।