গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া আঁখির পাশে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৬
অভাবের তাড়নায় গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়ার খবর প্রকাশের পর অসহায় আঁখি ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবারটির হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়ার পাশাপাশি সন্তান প্রসবের সব খরচ বহন এবং কর্মসংস্থানের আশ্বাস দেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, তৃতীয়বারের মতো মা হতে চলেছেন আঁখি। তাঁর স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির চিকিৎসা এবং সংসারের ব্যয় মেটাতে গিয়ে ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছে পরিবারটি। এমন পরিস্থিতিতে ঋণ পরিশোধের অসহায় চেষ্টা থেকেই অনাগত সন্তান বিক্রির কথা ভাবতে বাধ্য হন আঁখি।
সম্প্রতি গণমাধ্যমে ‘গর্ভের সন্তান বিক্রি করতে চান আঁখি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রতিবেদনটি প্রকাশের দিনই তিনি পরিবারটির খোঁজখবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর দ্রুত আঁখি ও তাঁর পরিবারের সন্ধান করা হয়। মাত্র এক ঘণ্টার মধ্যে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।
এর ধারাবাহিকতায় গত রোববার আঁখি ও তাঁর পরিবারকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয়। সেখানে পরিবারের হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। একই সঙ্গে আঁখির সন্তান প্রসবের যাবতীয় খরচ বহন এবং পরিবারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়।
অভাব, ঋণ ও স্বামীর অসুস্থতায় বিপর্যস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নতুন করে আশার আলো দেখাচ্ছে আঁখি ও তাঁর পরিবারকে।



