মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬

মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে। এর আগে কোনো কর্মীর মেডিক্যাল পরীক্ষা করা হলে তা গ্রহণযোগ্য হবে না এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য প্রক্রিয়াকরণ করা হবে না।

বুধবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মীদের মেডিক্যাল পরীক্ষা কেবল অনুমোদিত মেডিক্যাল সেন্টারে করতে হবে। অনুমোদিত সেন্টারের তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সরকারি নির্দেশনা ও সংশ্লিষ্ট সেন্টারের সক্ষমতার ভিত্তিতে এ তালিকায় পরিবর্তন আসতে পারে। নতুন কোনো সেন্টার যুক্ত হতে পারে, আবার কোনো সেন্টারকে তালিকা থেকে বাদও দেওয়া হতে পারে।

মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি নির্দেশনা ও অনুমোদন ছাড়া কোনো মেডিক্যাল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের মেডিক্যাল পরীক্ষা করতে বা করাতে পারবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু দালাল ও অসাধু এজেন্সি অনুমতি ছাড়া মেডিক্যাল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে বলে মন্ত্রণালয়ের নজরে এসেছে। এ ধরনের প্রস্তাবে সাড়া না দিতে এবং অনুমোদন নিশ্চিত না হয়ে কারও কাছে পাসপোর্ট বা টাকা জমা না দিতে কর্মীদের অনুরোধ করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিক্যাল সেন্টারে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কাগজপত্র ও ভিডিআর ভিসার কাগজপত্র জমা দিতে হবে।

নির্দেশনা অমান্যকারী মেডিক্যাল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে মেডিক্যাল সেন্টারের কার্যক্রম বন্ধ, সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগের কার্যক্রম স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিলের মতো পদক্ষেপ থাকতে পারে।

অবৈধ বা অনুমোদনহীন মেডিক্যাল পরীক্ষা কিংবা এ ধরনের কার্যক্রমের তথ্য জানা থাকলে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ও প্রমাণসহ মন্ত্রণালয়কে জানানোর জন্য কর্মীদের অনুরোধ করা হয়েছে। অভিযোগ পাঠানো যাবে secretary@probashi.gov.bd ঠিকানায়।

কর্মীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় অনিয়ম বন্ধে নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিক্যাল সেন্টারগুলোকে সরকারি নির্দেশনা মেনে চলার সতর্কবার্তা দিয়েছে মন্ত্রণালয়।

সূত্র: কালের কণ্ঠ