শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬
শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত শিখনফল নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান এবং শিক্ষার্থীদের প্রতি যত্নশীলতা বজায় রেখে সুশৃঙ্খল ও ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে। বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকেরাই হবেন মূল চালিকাশক্তি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টায় টাঙ্গাইলের ঐতিহাসিক বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আয়োজিত ‘শিক্ষার সার্বিক মানোন্নয়ন’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার মানোন্নয়নবিষয়ক একটি ‘কনসেপ্ট পেপার’ গ্রহণ করে জেলা প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানান মন্ত্রী। তিনি বলেন, এতে উত্থাপিত প্রস্তাবনা ও সুপারিশগুলো শিক্ষার সার্বিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি মেধাভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপমন্ত্রী ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু।
বক্তারা বলেন, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নের পাশাপাশি সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষাব্যবস্থার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের পেশাগত দায়িত্বশীলতা, কার্যকর পাঠদান এবং শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় টাঙ্গাইল জেলার শিক্ষার সার্বিক মানোন্নয়নের রূপরেখা সংবলিত কনসেপ্ট পেপার শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন জেলা প্রশাসক আবু সাঈদ। এতে জেলার বিভিন্ন স্তরের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাবিদ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



