সহিংস আন্দোলনে জড়ালে ভারতে মিলবে না সরকারি চাকরি

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬

ভারতের উত্তর প্রদেশে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নতুন নীতি করেছে যোগী আদিত্যনাথ সরকার। এ নীতি অনুযায়ী, প্রতিবাদ বা আন্দোলনে অংশ নিয়ে সহিংসতায় জড়ানো প্রার্থীদের সরকারি চাকরিতে নিয়োগে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিরাও সরকারি চাকরির অযোগ্য বিবেচিত হবেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নীতিতে হত্যা, ধর্ষণ, প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষায় অনিয়ম এবং সাইবার জালিয়াতির মতো গুরুতর অপরাধে জড়িতদের সরকারি চাকরিতে নিয়োগ না দেওয়ার কথা বলা হয়েছে।

নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের চরিত্র যাচাই ও পুলিশি তদন্ত করা হবে। ফৌজদারি মামলা-সংক্রান্ত তথ্য গোপন করলে নিয়োগ বাতিল হতে পারে। তাই প্রার্থীদের এ-সংক্রান্ত প্রাসঙ্গিক তথ্য প্রকাশ করতে হবে।

নতুন নিয়মে চরিত্র যাচাই শেষ হওয়ার আগেই সাময়িক নিয়োগ দেওয়া যাবে। তবে সংবেদনশীল পদে নিয়োগের ক্ষেত্রে বিস্তারিত চরিত্র যাচাই ও পটভূমি পরীক্ষা বাধ্যতামূলক।

প্রার্থীর নিজ জেলা এবং গত পাঁচ বছরে যেসব জেলায় এক বছরের বেশি সময় বসবাস করেছেন, সেসব জায়গায় পুলিশি যাচাই করা হবে। রাজ্যের সরকারি বিভাগ ছাড়াও করপোরেশন, কাউন্সিল, স্বায়ত্তশাসিত সংস্থা, পঞ্চায়েত ও স্থানীয় সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রেও এ নীতি প্রযোজ্য হবে।