জ্বালানি বাজারের চাপ কমাতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় ছাড় দিচ্ছেন ট্রাম্প

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬

রাশিয়ার বিলিয়ন ডলারের সার্বভৌম সম্পদ তহবিলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে ট্রাম্প প্রশাসন ও ক্রেমলিন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বুধবারের প্রতিবেদন অনুযায়ী, পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেছেন, রাষ্ট্রীয় মালিকানাধীন ‘রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড’-এর ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। তবে আলোচনার ফলাফল কী হবে, তা তিনি জানেন না বলে জানিয়েছেন।

উশাকভ আরও বলেন, তহবিলটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর তৎকালীন বাইডেন প্রশাসন এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সে সময় তহবিলটিকে পুতিন ও তাঁর ঘনিষ্ঠদের সঙ্গে সংশ্লিষ্ট একটি ‘পরিচিত অবৈধ তহবিল’ হিসেবে বর্ণনা করা হয়েছিল।

মঙ্গলবার নিউইয়র্ক টাইমস প্রথম প্রতিবেদন প্রকাশ করে যে ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপগুলো আমেরিকার ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের সমালোচনার মুখে পড়েছে। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে পশ্চিমা মিত্রদের দূরত্বও বেড়েছে।

চলতি মাসের শুরুতে ট্রাম্প বৈশ্বিক জ্বালানি বাজারে রাশিয়ার ডিজেল রপ্তানির সুযোগ দিতে একটি চুক্তির ঘোষণা দেন। পাশাপাশি রাশিয়ার জীবাশ্ম জ্বালানি বিক্রির ওপর সদ্য পাস হওয়া আইনের কয়েকটি নিষেধাজ্ঞা মওকুফ করেন।

আইনটি কার্যকর হলে রাশিয়ার অপরিশোধিত তেল বা গ্যাসের শীর্ষ পাঁচ আমদানিকারক দেশ থেকে আমেরিকায় পণ্য আমদানির ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের বিধান কার্যকর হতো।

আমেরিকা-রাশিয়া ডিজেল চুক্তির আওতায় বাজারমূল্যে ডিজেল বিক্রির সুযোগ দিতে ছয় মাসের জন্য জ্বালানি রপ্তানিতে নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটিতে জ্বালানির ঘাটতি দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে গত জুলাইয়ের শুরুতে রাশিয়া ডিজেল রপ্তানি নিষিদ্ধ করেছিল।

আগামী সপ্তাহে আমেরিকার মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে দেশটিতে তেল ও ডিজেলের দাম কমানোর চেষ্টা করছে হোয়াইট হাউস। ট্রাম্পের দাবি, রাশিয়াকে আলোচনার টেবিলে ধরে রাখতেই নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৮ অক্টোবর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আলোচনা চলছে। এমন কোনো পদক্ষেপ নিতে চান না, যা রাশিয়াকে আলোচনার টেবিল থেকে দূরে সরিয়ে দিতে পারে।

বৈশ্বিক জ্বালানির উচ্চমূল্যের জন্য ইউক্রেনকে দায়ী করেছেন ট্রাম্প। একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করার জন্য চাপ দিয়েছেন তিনি।

সূত্র: সিএনএন