ইসরায়েলে সরকার গঠনের অচলাবস্থা কাটবে কীভাবে, সামনে চার পথ

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬

ইসরায়েলে সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশ হবে আগামী ৪ নভেম্বর। তবে বেসরকারি ফলাফলে দেখা গেছে, কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

দেশটির ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য অন্তত ৬১টি আসন প্রয়োজন। এবারের নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি জোট ৫৩টি এবং গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি আসনে এগিয়ে রয়েছে। বাকি ১৯টি আসন পেয়েছে আরব দলগুলো।

এ অবস্থায় নতুন সরকার গঠনের পথ বেশ কঠিন হয়ে উঠেছে। রাজনৈতিক ও আদর্শিক বিভাজনের কারণে স্বাভাবিক জোট গঠনের সম্ভাবনাও সীমিত। তবে স্বল্পমেয়াদি ও দুর্বল সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দলগুলোর নেতারা নির্ধারিত ১২ সপ্তাহের মধ্যে সমাধানে পৌঁছাতে না পারলে ইসরায়েলিদের আবার ভোট দিতে হতে পারে।

সরকার গঠনের চার সম্ভাব্য পথ

১. বিরোধী দলগুলোর সরকার

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার সবচেয়ে সরাসরি পথ হতে পারে ইহুদি ও আরব দলগুলোর সহযোগিতায় বিরোধী জোটের সরকার গঠন। তবে এ পথের বড় বাধা বিরোধী জোটের দুই ডানপন্থি দলের নেতা—সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডর লিবারম্যান। তাঁরা সংসদের আরব দল জয়েন্ট লিস্ট ও রাআমের সমর্থনের ওপর নির্ভরশীল কোনো সরকারের বিরোধিতা করছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার পর থেকে এ বিষয়ে তাঁদের অবস্থান আরও কঠোর হয়েছে।

ইসরায়েলের ইতিহাসে মাত্র একটি সরকারে আরব দলের পূর্ণ অংশগ্রহণ ছিল। ২০২১ সালে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে গঠিত আট দলীয় জোটে রাআম পার্টি যুক্ত হয়েছিল। তবে দায়িত্ব নেওয়ার মাত্র এক বছর পরই ওই সরকারের পতন ঘটে।

সরকার গঠনে ব্যর্থ হলেও বিরোধী দলগুলো একসঙ্গে কাজ করতে পারে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে নেসেটের স্পিকারসহ গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এনে নেতানিয়াহুর অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলার সুযোগও রয়েছে তাদের।

২. জাতীয় ঐকমত্যের সরকার

আরেকটি সম্ভাবনা হলো, দুই জোটের ভাঙনের মধ্য দিয়ে জাতীয় ঐকমত্যের সরকার গঠন। এ ক্ষেত্রে নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তাঁর বর্তমান জোটের কয়েকটি শরিক দলের পাশাপাশি বিরোধী জোটের অন্তত একটি দল সরকারে যোগ দিতে পারে।

এ পরিস্থিতিতে নেতানিয়াহু তাঁর উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে রাজি হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও কট্টর-অর্থোডক্স দলগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারেন তিনি।

তবে বিরোধী নেতা আইজেনকোট ইতিমধ্যে নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনা নাকচ করেছেন। তিনি অবস্থান পরিবর্তন করলে নেতানিয়াহুর বিদায় দেখতে আগ্রহী অনেক ইসরায়েলি বিষয়টিকে বড় ধরনের বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচনা করতে পারেন।

৩. বিরোধী শিবির থেকে দলত্যাগ

নেতানিয়াহু বিরোধী জোটের আইনপ্রণেতাদের দলত্যাগে উৎসাহিত করেও সরকার গঠনের চেষ্টা করতে পারেন। তবে বিরোধী জোটের চার নেতা—আইজেনকোট, বেনেট, লিবারম্যান ও ইয়ার গোলান—সবাই নেতানিয়াহুর সঙ্গে বসবেন না বলে ঘোষণা দিয়েছেন।

এ ছাড়া সংখ্যাগরিষ্ঠতা থেকে নেতানিয়াহুর জোট আটটি আসন পিছিয়ে রয়েছে। ফলে আটজন স্বতন্ত্র আইনপ্রণেতাকে দলত্যাগে রাজি করানো তাঁর জন্য বড় চ্যালেঞ্জ হবে।

৪. পুনরায় নির্বাচন

সরকার গঠনের সম্ভাব্য পথগুলো নিয়ে আলোচনা চলার মধ্যে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ পার্লামেন্টে আসন পাওয়া দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করবেন। তাঁদের মতামত নেওয়ার পর তিনি কোনো একজন নেতাকে সরকার গঠনের দায়িত্ব দেবেন।

আরব দলগুলো আইজেনকোটকে সমর্থন করবে বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে ইয়াশার নেতাকে প্রথমে সরকার গঠনের সুযোগ দেওয়া হতে পারে। দায়িত্ব পাওয়া নেতা এ জন্য ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো যাবে।

প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলে প্রেসিডেন্ট দ্বিতীয় কোনো নেতাকে দায়িত্ব দিতে পারবেন। তাঁকে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দেওয়া হবে। এরপরও সমাধান না হলে নেসেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রেসিডেন্টকে তৃতীয় কোনো প্রার্থীকে দায়িত্ব দেওয়ার অনুরোধ করতে পারেন। সে ক্ষেত্রে সরকার গঠনের জন্য সময় পাওয়া যাবে ১৪ দিন।

সব প্রচেষ্টা ব্যর্থ হলে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সময়সূচিতে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন নেতানিয়াহু। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে তিনি অপেক্ষা করার সুযোগ পাচ্ছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী আইজেনকোট প্রথম দফায় ব্যর্থ হলে সরকার গঠনের দায়িত্ব নেতানিয়াহুর কাছে আসতে পারে। তিনিও ব্যর্থ হলে দেশটি আবার নির্বাচনের দিকে এগোবে। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত নেতানিয়াহু অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

পুনরায় নির্বাচন এখন একটি বাস্তব সম্ভাবনা। কারণ, এবারের ফলাফল ইসরায়েলকে আবারও রাজনৈতিক স্থবিরতার দিকে ঠেলে দিয়েছে। এমনটি হলে আট বছরের মধ্যে দেশটিতে সপ্তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।