আমেরিকার নির্বাচনে প্রভাব ফেলতে পারে বিরূপ আবহাওয়া

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬

আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকার বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচন। প্রেসিডেন্ট পদে পরিবর্তন না হলেও কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ এই ভোটে বিরূপ আবহাওয়া ভোটার উপস্থিতিতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা।

রয়টার্স ও অন্যান্য আন্তর্জাতিক সূত্রের তথ্য অনুযায়ী, নির্বাচনের দিন আমেরিকার মধ্যাঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা রয়েছে। বিশেষ করে আইওয়া, কানসাস, মিশিগান, টেক্সাস এবং ওহাইওর কিছু এলাকায় প্রতিকূল আবহাওয়া ভোটকেন্দ্রে যাতায়াতে বিঘ্ন ঘটাতে পারে।

আগাম ভোটগ্রহণের বড় অংশ শেষ হলেও নির্বাচনের দিন সরাসরি ভোট দিতে যাওয়া ভোটারদের ওপর আবহাওয়ার প্রভাব পড়তে পারে। গ্রেট লেকস ও আপার মিডওয়েস্ট থেকে শুরু করে পশ্চিম উপসাগরীয় উপকূল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে, তা এখনো নিশ্চিত নয়।

মিডওয়েস্ট ও সমভূমি অঞ্চলে বৃষ্টির সাথে দমকা হাওয়া বইতে পারে। অন্যদিকে টেক্সাস থেকে লোয়ার মিসিসিপি উপত্যকা পর্যন্ত ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। তবে ঝড়ের গতিপথ পরিবর্তিত হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

অন্যদিকে আমেরিকার পূর্ব উপকূল ও পশ্চিমাঞ্চলের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও পূর্বাঞ্চলের অধিকাংশ এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ১৫ ডিগ্রি ফারেনহাইট বেশি থাকতে পারে।

ভোটার উপস্থিতিতে কী প্রভাব পড়তে পারে

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নির্বাচনের দিনে বৃষ্টি, ঝড় বা তীব্র শীতের মতো প্রতিকূল আবহাওয়া সাধারণত ভোটার উপস্থিতি কমিয়ে দিতে পারে। বিশেষ করে যারা শেষ মুহূর্তে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন বা নির্দলীয় ভোটার হিসেবে পরিচিত, তাঁদের ক্ষেত্রে এর প্রভাব বেশি হতে পারে।

বিশ্লেষকদের মতে, ভারী বৃষ্টি বা বজ্রঝড়ের কারণে ভোটকেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে উঠতে পারে। আবার ভোটকেন্দ্রের বাইরে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকাও অনেক ভোটারের জন্য নিরুৎসাহিত হওয়ার কারণ হতে পারে।

কংগ্রেসের লড়াইয়ে নজর

এবারের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইছে। অন্যদিকে রিপাবলিকানরা তাদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। আইওয়া, কানসাস, মিশিগান, মেইন ও টেক্সাসের মতো কয়েকটি অঙ্গরাজ্যে প্রতিদ্বন্দ্বিতা হাড্ডাহাড্ডি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে নির্বাচনের দিন আবহাওয়া ভোটার উপস্থিতিতে কতটা প্রভাব ফেলে, সেদিকে নজর থাকবে সংশ্লিষ্টদের।