এক হাজারের বেশি হামলায় ৪২৭ হুতি যোদ্ধা নিষ্ক্রিয়ের দাবি
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬
ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে ১ হাজার ১১৯টি হামলা চালানোর দাবি করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার। এসব অভিযানে ৪২৭ জন হুতি ‘যোদ্ধাকে’ নিষ্ক্রিয় এবং ১৪২টি সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস বা অকার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
শনিবার দেওয়া এক বিবৃতিতে ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়। এতে যুদ্ধবিমান, ড্রোন, ফিল্ড আর্টিলারি ও রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, হুতিদের নেতা ও সমাবেশ, সামরিক চলাচল ও রসদবহর, বিভিন্ন অবস্থান, হামলার স্থান এবং সরবরাহপথ লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।
ইয়েমেন সরকারের দাবি, স্থল অভিযানের পাশাপাশি এসব হামলায় হুতিদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে আল-জাওফ প্রদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান দখলে সরকারি বাহিনীকে সহায়তা করেছে অভিযানটি।
অন্যান্য রণাঙ্গনেও লড়াই ও সামরিক চাপ অব্যাহত রয়েছে।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তাইজ প্রদেশে সরকারি বাহিনী ও তাদের মিত্র পপুলার রেজিস্ট্যান্স যোদ্ধাদের সঙ্গে হুতিদের সংঘর্ষ চলছে। বিমান হামলা ও গোলন্দাজ বাহিনীর সহায়তায় হুতিদের চলাচল ও রসদবহর লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে।
বেসামরিক মানুষ ও অবকাঠামোর সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা বজায় রেখে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী।



