মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে ইরান?

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আঞ্চলিক নিরাপত্তার লক্ষ্যে গঠিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানের যোগ দেওয়া নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। তবে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের যৌথ এই চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়ে এখনো প্রকাশ্যে আগ্রহ দেখায়নি তেহরান।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির’ দুয়ার সবার জন্য উন্মুক্ত। চুক্তির তিন পক্ষের রাজনৈতিক নেতৃত্ব চাইলে ইরানও এর অংশ হতে পারে।

মক্কা চুক্তিতে ইরান যোগ দিতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে জেনারেল চৌধুরী বলেন, ‘যাদেরই সম্মিলিত প্রতিরোধ ও আঞ্চলিক শান্তির বিষয়ে একই মনোভাব রয়েছে, তারা কেন নয়? সবাইকে স্বাগতম।’

তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিনটি দেশের রাজনৈতিক নেতৃত্বের ওপর নির্ভর করছে বলে উল্লেখ করেন তিনি।

সম্প্রতি মক্কা চুক্তির তিন দেশের প্রতিনিধিরা তেহরান সফর করেন। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন সেখানে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

মূলত এ সফরের পর থেকেই মক্কা চুক্তিতে ইরানের যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়। তবে তেহরান এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো আগ্রহ প্রকাশ করেনি।

চুক্তি স্বাক্ষরের পরপরই ইরানের এক আইনপ্রণেতা বলেছিলেন, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে ‘কাগুজে চুক্তি’ সৌদি আরবকে নিরাপত্তা দিতে পারবে না।

এদিকে মক্কা চুক্তির আওতায় সৌদি আরবে আরও পাকিস্তানি সেনা পাঠানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে আহমেদ শরিফ চৌধুরী বলেন, বিষয়টি পরিস্থিতি এবং দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

তিনি বলেন, সৌদি আরব এবং পবিত্র মক্কা ও মদিনা নগরীর সুরক্ষায় পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাতের অংশ নই।’