জামায়াতের রাজনৈতিক ইতিহাস স্বৈরাচারের কাছে নতজানু হওয়ার: রিজভী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৬

জামায়াতে ইসলামীর আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’ বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জামায়াতের রাজনীতির ইতিহাস আত্মসমর্পণের ইতিহাস, স্বৈরশক্তির কাছে নতজানু হওয়ার ইতিহাস।

রবিবার (১ নভেম্বর) ঢাকা আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘বিপ্লবের কথা বলেন? আপনাদের রাজনীতির ইতিহাস তো আত্মসমর্পণের ইতিহাস, স্বৈরশক্তির কাছে নতজানু হওয়ার ইতিহাস।’

তিনি অভিযোগ করেন, গার্মেন্টস শ্রমিকদের হঠাৎ রাস্তায় নামিয়ে অস্থিরতা তৈরি করা হচ্ছে। অন্যদিকে তারেক রহমান একের পর এক দেশে গিয়ে বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে আসছেন। দেশকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য তারেক রহমানের নেওয়া উদ্যোগ বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে।

রিজভী বলেন, এসব উদ্যোগকে অগ্রাহ্য করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। গাড়ি ও বাসে আগুন, পুলিশ বক্সে অগ্নিসংযোগ এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটছে। তাঁর দাবি, এসব ঘটনায় ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের সম্পৃক্ততা রয়েছে।

তিনি আরও বলেন, আজও ১১ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। ওই ব্যক্তি নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে আন্দোলনের মধ্যে থেকে এসব কাজ করার কথা জানিয়েছেন বলে দাবি করেন রিজভী।

বিএনপির এই নেতা বলেন, একদিকে পরাজিত আওয়ামী ফ্যাসিবাদী শক্তি, অন্যদিকে নতুন একটি শক্তি। তাঁর অভিযোগ, নতুন শক্তিটি পরাজিত শক্তির সঙ্গে গোপন সম্পর্ক রেখে কাজ করার চেষ্টা করছে।

তারেক রহমানের সামাজিক সুরক্ষা পরিকল্পনার কথা তুলে ধরে রিজভী বলেন, ইমাম-মুয়াজ্জিন, হিন্দু সম্প্রদায়ের পুরোহিত এবং বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতাদের ভাতা দেওয়ার পরিকল্পনা একটি বড় পদক্ষেপ।

তিনি বলেন, ‘আমরা যারা জাতীয়তাবাদী শক্তির পক্ষের লোক, আমরা এই দেশের মাটির পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, স্বাধীনতার পক্ষে। আমাদের বিদেশে কোনো প্রভু নেই, যে আমাদের আশ্রয় দেবে। আমরা এই দেশেই থাকব, এই দেশের মাটিতেই থাকব।’

রিজভী আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে সুন্দর, সমৃদ্ধ, গণতান্ত্রিক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই তাঁদের লক্ষ্য।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সাত দফা দাবির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে। তবে সংস্কার বলতে কী বোঝানো হচ্ছে, তা ব্যাখ্যা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম খান, সাবেক সভাপতি খোরশেদ আলম মিয়া, ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী, সাবেক সভাপতি আলহাজ বোরহান উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটির সদস্যসচিব নিহার হোসেন ফারুক, ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র এজিএস ইলতুৎমিশ সওদাগর এনি এবং অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধাসহ অনেকে।