ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের মানহানির মামলা চিরতরে খারিজ
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৬
আমেরিকার সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ২০ বিলিয়ন ডলারের মানহানির মামলাটি স্থায়ীভাবে খারিজ করেছেন এক ফেডারেল বিচারক। এ বছর দ্বিতীয়বারের মতো মামলাটি খারিজ করলেন ইউএস ডিস্ট্রিক্ট জজ ড্যারিন পি. গেইলস।
শনিবার দেওয়া রায়ে বিচারক বলেন, রুপার্ট মারডকের মালিকানাধীন সংবাদপত্রটি প্রতিবেদন প্রকাশের সময় প্রকৃত বিদ্বেষ নিয়ে কাজ করেছে—ট্রাম্প এমন অভিযোগের পক্ষে যুক্তিসংগত প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন।
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে ট্রাম্পের লেখা বলে দাবি করা একটি কুরুচিপূর্ণ জন্মদিনের চিঠি নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মামলাটি করেছিলেন ট্রাম্প।
চিঠিটি লেখার বিষয়টি ট্রাম্প অস্বীকার করার পরও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন প্রকাশ করা উচিত ছিল—এমন যুক্তি দিয়েছিলেন তিনি। তবে বিচারক গেইলস এ যুক্তি নাকচ করে বলেন, এ ধরনের বাধ্যবাধকতা আমেরিকার সংবিধানের প্রথম সংশোধনীর পরিপন্থী হবে।
বিচারক তাঁর রায়ে লিখেছেন, ‘যদি এটিই আইন হতো, তবে যেকোনো জনপরিচিত ব্যক্তি বা তাঁর দল কোনো অভিযোগ অস্বীকার করলেই সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে নেতিবাচক বা বিপরীতমুখী সংবাদ প্রকাশ করা থেকে বাধাগ্রস্ত হতেন।’
এর আগে গত এপ্রিলেও বিচারক গেইলস মামলাটি খারিজ করেছিলেন। তখন তিনি বলেছিলেন, ট্রাম্পের মূল অভিযোগে বিদ্বেষের যে দাবি করা হয়েছে, তা ছিল ‘প্রথাসিদ্ধ’ এবং কোনো জনপরিচিত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য আইনি মানদণ্ডের কাছাকাছিও ছিল না।
তবে সে সময় মামলাটি এমনভাবে খারিজ করা হয়েছিল, যাতে ট্রাম্প অভিযোগ সংশোধন করে নতুন করে মামলা করার সুযোগ পান। শনিবারের রায়ে বিচারক বলেন, সংশোধিত অভিযোগেও আগের সমস্যাগুলো সমাধান করতে পারেননি ট্রাম্প। ফলে এবার মামলাটি স্থায়ীভাবে খারিজ করা হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের মূল প্রতিষ্ঠান ডাও জোন্সের একজন মুখপাত্র সিএনএনকে বলেন, ‘আদালতের সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট।’ তবে ট্রাম্পের আইনি দল রায়ের বিরুদ্ধে আপিল করার ইঙ্গিত দিয়েছে। তাদের এক মুখপাত্র বলেছেন, ওয়াল স্ট্রিট জার্নাল ও অন্যান্য বিবাদীর বিরুদ্ধে ট্রাম্প তাঁর মামলা চালিয়ে যাবেন।
২০২৫ সালের জুলাইয়ে যৌন ইঙ্গিতপূর্ণ চিঠিটি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর ওয়াল স্ট্রিট জার্নাল, এর মূল প্রতিষ্ঠানগুলো, রুপার্ট মারডক এবং দুই প্রতিবেদকের বিরুদ্ধে মামলা করেছিলেন ট্রাম্প। চিঠিটি লেখার কথা অস্বীকার করে তিনি সংবাদমাধ্যমটির বিরুদ্ধে জেনেশুনে মিথ্যা প্রতিবেদন প্রকাশের অভিযোগ তোলেন।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সংবাদমাধ্যমের বিরুদ্ধে করা একাধিক মামলার মধ্যে এটি অন্যতম। ২০২৪ সালের নির্বাচনী প্রচারণা নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলাও করেছেন তিনি। গত বছর একজন বিচারক মূল অভিযোগ খারিজ করলেও সংশোধিত অভিযোগ দায়েরের সুযোগ দিয়েছিলেন। পরে মামলাটি খারিজের আবেদনের ওপর সিদ্ধান্ত স্থগিত রেখে ট্রাম্পকে অভিযোগ সংশোধনের নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার বিষয়ে একটি তথ্যচিত্রে তাঁর ভাষণের সম্পাদনা নিয়ে বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা করেছেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যমটি আদালতে মামলাটির বিরুদ্ধে লড়াই করার কথা জানিয়েছে।
২০২৪ সালের নির্বাচনের আগে প্রকাশিত একটি জরিপের জেরেও আইওয়ার ভোট গণনাকারী জে অ্যান সেলজার, তাঁর পোলিং প্রতিষ্ঠান, দ্য ডেস মইনেস রেজিস্টার এবং এর মূল প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছিলেন ট্রাম্প। ওই জরিপে আইওয়ায় ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে পিছিয়ে ছিলেন তিনি। গত সেপ্টেম্বরে একজন বিচারক মামলাটি স্থায়ীভাবে খারিজ করেন।
আইনি বিশেষজ্ঞদের মতে, সংবাদমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের এসব মামলার অনেকগুলোই ভিত্তিহীন ও ত্রুটিপূর্ণ। তবে তাঁদের সতর্কতা, এসব মামলায় জয়লাভ করাই হয়তো ট্রাম্পের একমাত্র লক্ষ্য নয়। মামলার প্রচার এবং দীর্ঘমেয়াদি আইনি লড়াইয়ের হুমকি সংবাদমাধ্যমগুলোর ওপর চাপ সৃষ্টি করতে পারে, যা অনুসন্ধানী ও সমালোচনামূলক সাংবাদিকতাকে প্রভাবিত করার ঝুঁকি তৈরি করে।



