ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৭০

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৬

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭০ জন।

সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৩ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৮৯৯।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৯০০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫২, খুলনায় ২৯৪, বরিশালে ১৮৩, রাজশাহীতে ১৫৩, ময়মনসিংহে ৯৫, রংপুরে ৭১ এবং সিলেটে ২২ জন ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, দুজন ময়মনসিংহ বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪৪৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ১৭ জন।