আমেরিকার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল মধ্যবর্তী নির্বাচন এবার
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬
আমেরিকায় ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে প্রচার ও নির্বাচনী কার্যক্রমে ব্যয় প্রায় ১২ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এমনটি হলে দেশটির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল মধ্যবর্তী নির্বাচন হবে এটি।
নির্বাচনী অর্থায়ন পর্যবেক্ষণকারী সংস্থা ওপেনসিক্রেটস ফেডারেল নির্বাচন কমিশনের (এফইসি) তথ্য বিশ্লেষণ করে এ পূর্বাভাস দিয়েছে। গভর্নর নির্বাচনের বিজ্ঞাপন ব্যয়ের হিসাবও বিশ্লেষণ করেছে অ্যাডইমপ্যাক্ট। এফইসির হিসাব অনুযায়ী, চলতি নির্বাচন চক্রে ব্যয় আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এমনকি ২০২৩-২৪ সালের সাধারণ নির্বাচনের ব্যয়কেও ছাড়িয়ে গেছে এবারের নির্বাচন।
ওয়েসলিয়ান মিডিয়া প্রজেক্টের এক বিশ্লেষণ অনুযায়ী, প্রতিনিধি পরিষদ, সিনেট ও গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতার বিজ্ঞাপন প্রচারে এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ৭ দশমিক ১ বিলিয়ন ডলার। এর মধ্যে ১২ থেকে ২৫ অক্টোবরের মধ্যেই ব্যয় হয়েছে প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার।
নির্বাচন ঘিরে বিপুল এই ব্যয় আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে প্রচার-প্রচারণার আর্থিক ব্যাপকতা তুলে ধরছে।
এবারের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি এবং ১০০ সদস্যের সিনেটের ৩৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যের ভোটাররা তাঁদের গভর্নর নির্বাচন করবেন। এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন দেশটির ২৩ কোটিরও বেশি নিবন্ধিত ভোটার।
কয়েক মাসের প্রচার-প্রচারণার পর কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রতিদ্বন্দ্বিতা করছে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি। পাশাপাশি দেশজুড়ে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে গভর্নর পদেও গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।



