সরকারকে বেকায়দায় ফেলতেই এই আন্দোলন: বিকেএমইএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬

সরকারকে বেকায়দায় ফেলা বা অস্থিতিশীল করার উদ্দেশ্যে শ্রমিক আন্দোলনের নামে তৎপরতা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।

চলমান শ্রমিক আন্দোলন ও শিল্পকারখানার পরিস্থিতি নিয়ে সরকারের নীতিনির্ধারক, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য এবং ব্যবসায়ীদের এক বৈঠকে শিল্পকারখানায় অস্থিতিশীলতা সৃষ্টির বিষয়টি আলোচনায় আসে।

মোহাম্মদ হাতেম বলেন, জনগণের ভোগান্তি সৃষ্টি এবং কারখানার ক্ষতি করাই এই আন্দোলনের উদ্দেশ্য। সরকারকে বেকায়দায় ফেলতে এসব করা হচ্ছে।

তিনি জানান, শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য গঠিত কমিটিতে শ্রমিকদের প্রতিনিধিও রয়েছেন। আলোচনার টেবিলে বসেই সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে। আন্দোলনের পেছনে কারও উসকানি থাকলে তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

গণমাধ্যমকে মোহাম্মদ হাতেম বলেন, এক দিনের উৎপাদন বন্ধ থাকলেও মোট রপ্তানির প্রায় এক-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

উৎপাদন ব্যাহত হলে ক্রেতারা সময়মতো পণ্য পাওয়া নিয়ে উদ্বিগ্ন হবেন। দীর্ঘ মেয়াদে এতে তাঁদের আস্থা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন বিকেএমইএ সভাপতি।