ভাষা ও দক্ষতা প্রশিক্ষণে বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ: মাহ্দী আমিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬
ইতালীয় ভাষা ও পেশাগত দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের বিনা খরচে ইতালি যাওয়ার বিশেষ সুযোগ তৈরি হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। শিগগিরই স্বল্পপরিসরে এ প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীতে ‘ইতালিতে দক্ষ অভিবাসনের জন্য ভাষা, নাগরিক ও পেশাগত প্রশিক্ষণ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ইতালীয় দূতাবাস ও তাদের আন্তর্জাতিক সহযোগী অংশীদারদের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
মাহ্দী আমিন বলেন, ইতালীয় ভাষা শিক্ষা, সুনির্দিষ্ট কর্মদক্ষতা অর্জন এবং পেশাগত আচরণ ও মূল্যবোধ বিকাশের সমন্বিত মডেলটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকার এই কাঠামো জাতীয় পর্যায়ে বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে এবং বিভিন্ন স্তরে কার্যকরভাবে বাস্তবায়ন করতে চায়।
তিনি বলেন, দক্ষ, নিয়মতান্ত্রিক ও কম খরচে বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করা নতুন সরকারের সুনির্দিষ্ট রূপকল্পের অংশ। অভিবাসনপ্রত্যাশী কর্মীদের জন্য সুশৃঙ্খল, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বিদেশে কাজের সুযোগ তৈরি করা জরুরি। এতে অভিবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে এবং সম্ভব হলে শূন্য খরচে কর্মীদের বিদেশে পাঠানো সম্ভব হবে।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের ওপর গুরুত্ব দেন। তাঁর আশা, যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের দক্ষ কর্মীদের অভিবাসন প্রক্রিয়া আরও গতিশীল হবে।
ইতালির প্রশিক্ষণ মডেল ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা
দক্ষ অভিবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগীদের অভিজ্ঞতা ও সাফল্য কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন মাহ্দী আমিন। তিনি বলেন, ইতালির এই উদ্যোগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় প্রশিক্ষণ মডেলটি অন্যান্য খাত ও দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। নতুন নতুন ভাষা শিক্ষার ক্ষেত্রেও এ অভিজ্ঞতা কাজে লাগানো যাবে।
সেমিনারে উপস্থিত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেলের প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, জাতীয় নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ইতালি সরকারের এই উদ্যোগ জাতীয় নীতিতে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিতে সরকার প্রস্তুত।
ইতালির বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের উপস্থাপিত কর্মপরিকল্পনার প্রশংসা করে মাহ্দী আমিন বলেন, এসব উদ্যোগ সরকারের রূপকল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় নতুন সম্ভাবনা তৈরি করেছে।
বর্তমানে ইতালিতে বসবাসরত আড়াই লাখের বেশি বাংলাদেশির অবদানের কথাও তুলে ধরেন তিনি। মাহ্দী আমিন বলেন, ইতালির সমাজ ও অর্থনীতিতে বাংলাদেশি প্রবাসীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। প্রবাসীদের প্রতিটি অর্জনের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, ত্যাগ ও সাফল্যের গল্প।
প্রবাসী কার্ড চালুর উদ্যোগ
বাংলাদেশের তরুণদের মেধা ও যোগ্যতার ঘাটতি নেই উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, মূল চ্যালেঞ্জ হলো সঠিক দিকনির্দেশনা দেওয়া, দক্ষ করে গড়ে তোলা এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ডের আদলে প্রবাসীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বোয়েসেলসহ অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষ অভিবাসন প্রক্রিয়া সহজ করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বাংলা ও ইংরেজির পাশাপাশি তরুণদের তৃতীয় ভাষা শিক্ষায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেমিনারে শিক্ষার্থীদের ইতালীয় ভাষা, আধুনিক কর্মদক্ষতা ও পেশাগত নিয়মকানুন শেখানোর উদ্যোগ সরকারের তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রমের বাস্তব প্রতিফলন। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইতালীয় ভাষাসহ অন্যান্য আন্তর্জাতিক ভাষাকে কারিগরি ও ভোকেশনাল শিক্ষা কারিকুলামে নিয়মিতভাবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে মাহ্দী আমিন বলেন, তাঁরা শুধু নিজেদের ক্যারিয়ার গড়ছেন না, বরং আন্তর্জাতিক অঙ্গনে দক্ষ ও মর্যাদাপূর্ণভাবে কাজ করার ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। ধাপে ধাপে ইতালিতে যাওয়ার মাধ্যমে তাঁদের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।
ইতালিতে বৈধভাবে প্রবেশের বিশেষ সুযোগ
সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মিশন প্রধান ড. লরা টম বন্ডে, ইতালির উপমিশন প্রধান ডা. ফেদেরিকো জামপারেল্লি, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের উপপ্রধান বাইবা জারিনা এবং ইতালীয় দূতাবাসের অভিবাসন উপদেষ্টা জুসেপ্পে দি জিওভান্নিসহ অনেকে।
প্রসঙ্গত, ইতালির অভিবাসন আইন ২০২৩-এর ২৩ ধারা অনুযায়ী, ইতালীয় শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয়ের অনুমোদিত প্রস্থান-পূর্ব প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে প্রতিবছর ‘ফ্লো ডিক্রি’র নির্ধারিত কোটার বাইরেও দক্ষ কর্মীদের বৈধভাবে ইতালিতে প্রবেশের সুযোগ রয়েছে।
এসব প্রশিক্ষণে মৌলিক ইতালীয় ভাষা শিক্ষা, ইতালির নাগরিকত্ব ও সমাজ সম্পর্কে ধারণা এবং সংশ্লিষ্ট খাতের পেশাগত দক্ষতা অর্জনের বিষয় অন্তর্ভুক্ত থাকে। চলমান হোটেল ও রেস্তোরাঁ খাতের ‘টেস্ট’ প্রকল্পের আওতায় ‘ফ্রন্টিয়ার্স স্কিলস’ এবং ‘ফরম্যাজিঅনে’ টেক্সটাইল প্রকল্পের নির্বাচিত সম্ভাব্য অভিবাসী ও প্রশিক্ষণার্থীরাও সেমিনারে অংশ নেন।



