ট্রাম্পের জন্য বড় ধাক্কা, কংগ্রেসের দুই কক্ষই ডেমোক্র্যাটদের দখলে
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৬
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে সিনেটের পর এবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্রেটিক পার্টি। এর মধ্য দিয়ে মার্কিন কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই চলে গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধী দলের হাতে।
মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের এই জয় ট্রাম্প প্রশাসনের জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। আগামী দুই বছর সরকারের নীতিনির্ধারণ, বাজেট অনুমোদন ও আইন প্রণয়নের ক্ষেত্রে বিরোধী দলের সঙ্গে সমঝোতা করতে হবে রিপাবলিকান প্রশাসনকে।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর নির্বাচনী ফলাফল বিশ্লেষণ অনুযায়ী, ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজনীয় ২১৮টি আসন পেরিয়ে গেছে ডেমোক্র্যাটরা। দলটি রিপাবলিকানদের দখলে থাকা দুই ডজনেরও বেশি আসনে জয় পেয়েছে। তবে ভোট গণনা চলায় আসনসংখ্যায় পরিবর্তন হতে পারে।
অন্যদিকে, কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ডেমোক্রেটিক পার্টি। নির্বাচনে একাধিক রিপাবলিকান-নিয়ন্ত্রিত আসনে জয় পাওয়ায় দীর্ঘদিন পর দুই কক্ষের নিয়ন্ত্রণ একসাথে পেল দলটি।
সিনেট ও প্রতিনিধি পরিষদ—দুই জায়গাতেই সংখ্যাগরিষ্ঠতা হারানোয় ট্রাম্প প্রশাসনের আইন প্রণয়নের উদ্যোগ বাধার মুখে পড়তে পারে। বিশেষ করে বাজেট, সরকারি ব্যয়, প্রশাসনিক নীতি এবং বিভিন্ন আইন পাসের ক্ষেত্রে ডেমোক্র্যাটদের সমর্থন বা সমঝোতা প্রয়োজন হবে।
এ ছাড়া প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর কংগ্রেসের নজরদারি বাড়াতে এবং তদন্ত কার্যক্রম পরিচালনা করতে পারবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুটি কক্ষের একটি সিনেট এবং অন্যটি প্রতিনিধি পরিষদ। আইন প্রণয়ন, সরকারি ব্যয় অনুমোদন ও প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে উভয় কক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।



