মোংলা থেকে পঞ্চগড় পর্যন্ত হবে শিল্পাঞ্চল ও সড়ক রুট: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬
মোংলা থেকে পঞ্চগড় পর্যন্ত সড়ক যোগাযোগ ও শিল্পাঞ্চল রুট গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মোংলায় শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য দ্রুত গ্যাস সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দর কর্তৃপক্ষের ৯ নম্বর জেটিতে ‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস কার্যক্রম সম্প্রসারণে সরকার কাজ করছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে এ অঞ্চলে নতুন অর্থনৈতিক গতিশীলতা তৈরি হবে।
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার উন্নয়নে নেওয়া প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩৩৫ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার। প্রকল্পটি বাস্তবায়নে সময় লাগবে চার বছর।
প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে দুটি আধুনিক জেটি। পাশাপাশি থাকবে কনটেইনার লোডিং ও আনলোডিং ইয়ার্ড, বিপজ্জনক পণ্য ব্যবস্থাপনার জন্য বিশেষ ইয়ার্ড এবং প্রয়োজনীয় ৪৯টি যন্ত্রপাতি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরের ১০ ও ১১ নম্বর জেটি নির্মাণ সম্পন্ন হবে। এতে কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়ার পাশাপাশি পণ্য সংরক্ষণের সুযোগও সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



