কংগ্রেস নির্বাচনে বড় ধাক্কা, ট্রাম্পের পতনের শুরু?

ডেল্টা আর্ন্তজাতিক

ডেল্টা আর্ন্তজাতিক

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬

আমেরিকার মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। এমনকি একসময় রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোতেও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। এই ফলাফলকে ট্রাম্পের জনপ্রিয়তা ও রাজনৈতিক প্রভাব কমে যাওয়ার বড় ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

নির্বাচনের প্রচারে ট্রাম্প ভোটারদের বারবার বলেছিলেন, ব্যালটে যেন তাঁকে বিবেচনায় রাখা হয়। এমনকি ৪৭ বার একই আহ্বান জানান তিনি। কিন্তু ভোটারদের রায় শেষ পর্যন্ত গেছে তাঁর প্রত্যাশার বিপরীতে।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রতিনিধি পরিষদের জাতীয় ভোটে ডেমোক্র্যাটদের জয়ের ব্যবধান প্রায় ১৩ শতাংশ। ১৯৭৬ সালের পর কোনো কংগ্রেস নির্বাচনে কোনো দলের জন্য এটিই সবচেয়ে বড় ব্যবধান।

বিশ্লেষকদের মতে, এই পরাজয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে জ্বালানি তেলের আকাশছোঁয়া দাম, ইরানের সঙ্গে যুদ্ধ এবং ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি নিয়ে ভোটারদের অসন্তোষ। বিশেষ করে জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি পূরণ না হওয়া, আমদানি শুল্কের কারণে পণ্যের দাম বৃদ্ধি এবং অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান নিয়ে ক্ষুব্ধ ছিলেন অনেক ভোটার।

এ ছাড়া ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে মুনাফাখোরির অভিযোগ এবং নিজের ব্যবসায়িক স্বার্থ নিয়ে নৈতিকতার প্রশ্নও নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।

নির্বাচনে নিজের দলের প্রার্থী বাছাইয়েও ট্রাম্পের ব্যক্তিগত পছন্দ বড় ভূমিকা রেখেছিল। তবে টেক্সাস ও সাউথ ক্যারোলাইনায় তাঁর সমর্থিত দুই সিনেট প্রার্থীর পরাজয় দলটির ভেতরে তাঁর প্রভাব নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

অন্যদিকে, নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়কে নিজের বিরুদ্ধে জনরায় হিসেবে মানতে চাননি ট্রাম্প। তাঁর দাবি, তিনি নিজে ব্যালটে ছিলেন না বলেই পর্যাপ্ত ভোটারকে কেন্দ্রে আনা সম্ভব হয়নি।

তবে বিশ্লেষকদের মতে, এই নির্বাচনের ফলাফল ট্রাম্পের রাজনৈতিক কর্তৃত্বের ওপর বড় ধাক্কা। যদিও প্রেসিডেন্ট হিসেবে তাঁর হাতে এখনো দুই বছর সময় রয়েছে। ফলে এই সময়টিতে নিজের প্রভাব ধরে রাখতে তিনি চেষ্টা চালিয়ে যাবেন।

তবে ইতিহাস বলছে, মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয় মানেই কোনো প্রেসিডেন্টের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়। ১৯৯৪ সালে বিল ক্লিনটন এবং ২০১০ সালে বারাক ওবামার আমলেও রিপাবলিকানরা বড় জয় পেয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে দুজনই আবার নির্বাচনে জয়ী হন।

তাই এবারের নির্বাচনের ফলাফল ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ কতটা বদলে দেবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে একটি বিষয় স্পষ্ট—রিপাবলিকান পার্টির ওপর ট্রাম্পের প্রভাব এবং তাঁর জনপ্রিয়তা এখন বড় পরীক্ষার মুখে।