নির্বাচনে বিপর্যয়ের দায়ে বলির পাঁঠা হতে যাচ্ছেন পিট হেগসেথ?

ডেল্টা আর্ন্তজাতিক

ডেল্টা আর্ন্তজাতিক

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের বিপর্যয়ের পর এবার রাজনৈতিক চাপে পড়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। নির্বাচনে ভরাডুবির জন্য ইরান যুদ্ধকে দায়ী করছেন রিপাবলিকান নেতাদের অনেকে। আর এই যুদ্ধের অন্যতম প্রধান সমর্থক হিসেবে দায় চাপানো হচ্ছে হেগসেথের ওপর। এমনকি তাকে অভিশংসনের উদ্যোগও নেওয়া হতে পারে।

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়টি এভাবেই দেখছেন। যদিও ইরানে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প নিজেই।

তবে যুদ্ধের রাজনৈতিক দায় কার ওপর চাপানো হবে, তা নিয়ে রিপাবলিকান শিবিরে আলোচনা শুরু হয়েছে। দলটির অনেক আইনপ্রণেতা ও রাজনৈতিক সহযোগী মনে করছেন, ইরান যুদ্ধের পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হেগসেথকেই এর দায় নিতে হবে।

রিপাবলিকানদের অভিযোগ, যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো সুস্পষ্ট পরিকল্পনা ছাড়াই ট্রাম্পকে ইরানে হামলা চালাতে উৎসাহিত করেছিলেন হেগসেথ। সংঘাতের সম্ভাব্য রাজনৈতিক ও অর্থনৈতিক পরিণতিও যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি।

তাদের মতে, যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা দীর্ঘায়িত হয়েছে। এতে আমেরিকার অর্থনৈতিক চাপ বেড়েছে, জীবনযাত্রার ব্যয় আরও কঠিন হয়েছে এবং ভোটারদের মধ্যে রিপাবলিকানদের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে আগামী সপ্তাহেই প্রতিনিধি পরিষদে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়া হতে পারে। কেনটাকির রিপাবলিকান আইনপ্রণেতা টমাস ম্যাসি সিএনএনকে জানিয়েছেন, কংগ্রেসের অধিবেশন শুরু হলে তিনি এ বিষয়ে ভোটের উদ্যোগ নেবেন।

হেগসেথের বিরুদ্ধে অসন্তোষের পেছনে আরও কিছু কারণ রয়েছে। রিপাবলিকানদের অভিযোগ, যুদ্ধের শুরুতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে আমেরিকার সক্ষমতাকে অতিরিক্ত বড় করে দেখিয়েছিলেন তিনি। ধারাবাহিক বোমা হামলার পরও ইরান আত্মসমর্পণের কাছাকাছি না পৌঁছালেও যুদ্ধ আরও জোরদার করার পক্ষে অবস্থান নিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী।

তবে হেগসেথকে নিয়ে রিপাবলিকানদের অসন্তোষ বাড়লেও প্রেসিডেন্ট ট্রাম্প এখনো তার ওপর আস্থা রাখছেন। হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ট্রাম্প ব্যক্তিগতভাবে হেগসেথকে পছন্দ করেন এবং তাকে দায়িত্ব থেকে সরানোর কোনো পরিকল্পনা আপাতত নেই।

বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রতিরক্ষামন্ত্রী খুব ভালো কাজ করছেন। এমনকি ইরানে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্তের পক্ষেও সাফাই গেয়ে তিনি বলেন, আবারও একই পরিস্থিতি তৈরি হলে তিনি একই সিদ্ধান্ত নিতেন।

অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস ডেমোক্র্যাটদের সম্ভাব্য তদন্তের সমালোচনা করেছেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে ভুয়া তদন্ত শুরু করলে ডেমোক্র্যাটরা আমেরিকার জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে।

এদিকে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, রাজনৈতিক চাপের মুখে হেগসেথ পিছু হটবেন না। প্রতিরক্ষামন্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

হেগসেথের ঘনিষ্ঠ সূত্রও জানিয়েছে, তিনি দায়িত্বে থাকার আশা করছেন এবং অভিশংসনের উদ্যোগ মোকাবিলায় প্রস্তুত। পেন্টাগনের নেওয়া প্রতিটি নীতিগত সিদ্ধান্ত ও পদক্ষেপের দায় নিজের কাঁধে নিতেও তিনি প্রস্তুত বলে হোয়াইট হাউসকে জানিয়েছেন।

তবে পরিস্থিতি আরও জটিল হতে পারে আগামী জানুয়ারিতে। ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে পেন্টাগনের কর্মকাণ্ড, ইরান যুদ্ধের সিদ্ধান্ত এবং সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে তদন্ত শুরু করতে পারেন। এতে হেগসেথকে কংগ্রেসে জবাবদিহির মুখে পড়তে হতে পারে।

ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন রিপাবলিকান মনে করছেন, নির্বাচনী বিপর্যয়ের দায় এড়াতে শেষ পর্যন্ত প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিবর্তন আনতে পারেন প্রেসিডেন্ট। সে ক্ষেত্রে হেগসেথ হতে পারেন সবচেয়ে বড় লক্ষ্যবস্তু।

বিশ্লেষকদের মতে, হেগসেথকে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সরানো গেলেও ইরান যুদ্ধ নিয়ে রাজনৈতিক সংকটের সমাধান হবে না। বরং যুদ্ধের সিদ্ধান্ত, এর উদ্দেশ্য এবং সম্ভাব্য পরিণতি নিয়ে ট্রাম্প প্রশাসনকে আরও কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে।

সূত্র: সিএনএন।