সৌদির নাজরানে হঠাৎ দুটি সতর্কবার্তা, কীসের বিপদের আশঙ্কা?
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান প্রদেশের একটি শহরে সম্ভাব্য বিপদের আশঙ্কায় দুটি সতর্কবার্তা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। তবে সতর্কতা জারির কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানানো হয়। যদিও কী ধরনের বিপদ তৈরি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পৃথক বিবৃতিতে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, নাজরান প্রদেশের শারুরাহ গভর্নরেটের বাসিন্দাদের সতর্ক করতে জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্মের মাধ্যমে দুটি বার্তা পাঠানো হয়েছে।
এর কিছুক্ষণ পর আরেকটি বার্তায় গভর্নরেটের বিপদ কেটে যাওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। তবে বাসিন্দাদের সতর্কতামূলক নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ঘটনাস্থলে ভিড় করা এবং ছবি তোলা থেকে বিরত থাকতে বলা হয়।
তবে কী কারণে এই সতর্কতা জারি করা হয়েছিল, কিংবা ঠিক কী ধরনের বিপদের আশঙ্কা তৈরি হয়েছিল, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি সৌদি কর্তৃপক্ষ।
এদিকে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনার মধ্যে এ সতর্কবার্তা সামনে এলো। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। তবে শারুরাহর সতর্কবার্তার সঙ্গে এসব হামলার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।



