পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির পেছনে ফ্যাসিবাদী শক্তি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৬

দেশের পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তাদের পেছনে ওই শক্তির ইন্ধন রয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার ১০৪তম বার্ষিক মাহফিলের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ দেশের মানুষের ওপর যে নির্মম অত্যাচার চালিয়েছে, সেই জালেম, স্বৈরাচারী ও খুনি আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করার সুযোগ দেবে না জনগণ।

তিনি বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী গুরুত্বপূর্ণ নির্বাচন এবং আন্দোলনের সময় হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও দ্বিন, দেশ এবং ফ্যাসিবাদী ও ইসলামবিদ্বেষী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছিল। এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং প্রয়াত আল্লামা জুনায়েদ বাবুনগরী।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর লেগেছে। আর ফ্যাসিবাদী ও ইসলামবিদ্বেষী সরকারের হাত থেকে জনগণকে মুক্ত করতে লেগেছে ১৬ থেকে ১৭ বছর।

তিনি দাবি করেন, আলেম-ওলামা ও ছাত্রসমাজ আন্দোলনে অকাতরে রক্ত দিয়েছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। বিগত ১৬ থেকে ১৭ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুম এবং প্রায় ৭ হাজার মানুষ হত্যার শিকার হয়েছেন। এ ছাড়া লাখ লাখ মানুষ মামলা ও হামলার মাধ্যমে নিপীড়িত হয়েছেন।

তিনি বলেন, এত রক্তের বিনিময়ে অর্জিত মুক্তির পর এ দেশের মানুষ ফ্যাসিবাদীদের আর ফিরে আসতে দেবে না।

ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করা কয়েকটি গোষ্ঠীর সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা মুখে এক কথা বললেও দলীয় ইশতেহারে শরিয়াভিত্তিক শাসনের প্রতিফলন নেই। বরং তারা শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে অবস্থান নিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠার কথাও উল্লেখ করেন তিনি।

হেফাজতে ইসলামের আমির ও বাবুনগর মাদরাসার পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে দুই দিনব্যাপী মাহফিলের সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, সংসদ সদস্য সরোয়ার আলমগীর, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরী। এ ছাড়া চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।