চীনের ‘এক চীন নীতি’ বাস্তবায়নে পাকিস্তানের আকাশসীমায় বিধিনিষেধ

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৬

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে চীনের ‘এক চীন নীতি’ কার্যকর করার সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তাইওয়ানের দুটি বিমান সংস্থা চায়না এয়ারলাইনস ও ইভা এয়ারকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে বাধা দেওয়ার ঘটনায় বেইজিংয়ের প্রতি ইসলামাবাদের আনুগত্য এবং পাকিস্তানের ওপর চীনের প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে।

গত মাসে তাইওয়ানের রাষ্ট্রীয় বিমান সংস্থা চায়না এয়ারলাইনস এবং বেসরকারি বিমান সংস্থা ইভা এয়ারকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি বলে খবর প্রকাশিত হয়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, চীনের ‘এক চীন নীতি’ অনুসরণ করেই দেশটির আকাশসীমায় কেবল মূল ভূখণ্ডের চীনা বিমান সংস্থাগুলোকে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।

তবে সিদ্ধান্তটি বেশিদিন কার্যকর থাকেনি। পরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দুই বিমান সংস্থাকে ২০২৭ সালের ২৭ মার্চ পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়। এরপর কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে ইসলামাবাদের পক্ষ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।

পাকিস্তান ও তাইওয়ানের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক নেই। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে চীনের ‘এক চীন নীতি’ সমর্থন করে আসছে। চীনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি নিঃশর্ত সমর্থন জানিয়ে আসা দেশটি তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতাও করে।

তবে ‘এক চীন নীতি’ অনুসরণের অর্থ এই নয় যে, কোনো দেশকে তাইওয়ানের বাণিজ্যিক বিমান সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ রাখতে হবে। অনেক দেশ চীনের এই নীতি মেনে চললেও তাইওয়ানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ বজায় রেখেছে। বাণিজ্যিক বিমান চলাচলের অনুমতি দেওয়ার বিষয়টি মূলত বেসামরিক বিমান চলাচল ব্যবস্থাপনার আওতাভুক্ত।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের এই সিদ্ধান্তের পেছনে দুটি সম্ভাব্য কারণ থাকতে পারে। প্রথমত, চীন তার ‘এক চীন নীতি’ আরও কঠোরভাবে প্রতিষ্ঠা করতে এবং তাইওয়ানের আন্তর্জাতিক যোগাযোগ সীমিত করতে পাকিস্তানকে এমন সিদ্ধান্ত নিতে উৎসাহিত করে থাকতে পারে।

দ্বিতীয়ত, চীনের প্রতি আনুগত্য প্রদর্শনে পাকিস্তান নিজ উদ্যোগেই নিষেধাজ্ঞা আরোপ করে থাকতে পারে। বিশেষ করে আমেরিকার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নিয়ে নিরাপত্তা উদ্বেগের মধ্যে বেইজিংকে আশ্বস্ত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে।

মধ্যপ্রাচ্য ও ইউরোপগামী তাইওয়ানের বিমানগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমা গুরুত্বপূর্ণ ও সুবিধাজনক। এই আকাশসীমা ব্যবহারে বাধা দেওয়া হলে বিকল্প পথে চলাচল করতে হবে বিমান সংস্থাগুলোকে। এতে ফ্লাইটের সময় ও পরিচালন ব্যয় বাড়তে পারে।

তবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, পাকিস্তানের এই সিদ্ধান্ত ভবিষ্যতে অন্য দেশগুলোর জন্যও নজির হয়ে উঠতে পারে কি না। চীন তার ঘনিষ্ঠ মিত্রদের ওপর একই ধরনের প্রভাব বিস্তার করলে তাইওয়ানের বিমান সংস্থাগুলো আন্তর্জাতিক রুট পরিচালনায় আরও বেশি বাধার মুখে পড়তে পারে।

বিশেষ করে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থায় (আইসিএও) তাইওয়ানের প্রতিনিধিত্ব না থাকায় এ ধরনের বিধিনিষেধ মোকাবিলা করা দেশটির জন্য কঠিন হতে পারে।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের এই পদক্ষেপ চীনের প্রতি দেশটির আনুগত্যের একটি প্রতীকী প্রকাশ। যদিও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, তবু ঘটনাটি দেখিয়েছে, চীনের সঙ্গে সম্পর্ক অটুট রাখার বার্তা দিতে ইসলামাবাদ বাণিজ্যিক বিমান চলাচলের মতো ক্ষেত্রেও রাজনৈতিক অবস্থানকে প্রাধান্য দিতে প্রস্তুত।

তথ্যসূত্র: লোয়ি ইনস্টিটিউট।