আত্মহত্যার চেষ্টায় নদীতে ঝাঁপ, কুমিরের কামড়ে চিৎকার; জীবিত উদ্ধার নারী

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৬

ভারতের একটি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক নারী। কিন্তু নদীতে পড়ার পর কুমিরের আক্রমণের শিকার হন তিনি। কুমিরের কামড়ে আহত অবস্থায় তাঁর চিৎকার শুনে এগিয়ে আসেন স্থানীয় এক ব্যক্তি। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে জীবিত উদ্ধার করা হয়।

বুধবার রাতে ভারতের কর্ণাটক রাজ্যের কুক্কে সুব্রহ্মণ্য এলাকার কুমারধারা নদীতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ব্যক্তিগত সমস্যার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ওই নারী। একপর্যায়ে এলাকার একটি সেতুর কাছ থেকে নদীতে ঝাঁপ দেন তিনি।

নদীতে পড়ার পরপরই একটি কুমির তাঁকে কামড় দেয়। এ সময় তাঁর চিৎকার শুনতে পান কাছাকাছি থাকা এক ব্যক্তি। তিনি দ্রুত পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করেন। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কুমিরের কামড়ে তিনি সামান্য আহত হয়েছেন।

পুলিশ আরও জানায়, প্রয়োজনীয় কাউন্সেলিং শেষে ওই নারীকে পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পরিবারের অনুরোধে তাঁর পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

সূত্র: এনডিটিভি।