জানাজা থেকে ফেরার পথে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, প্রতিমন্ত্রীর অসন্তোষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬
ময়মনসিংহের নান্দাইলে সাবেক এক ইউপি চেয়ারম্যানের জানাজা শেষে বাড়ি ফেরার পথে সিংরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জানাজা শেষ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে নিজের অবস্থান তুলে ধরেন।
বিবৃতিতে প্রতিমন্ত্রী জানান, সাইফুল ইসলামের গ্রেপ্তারের বিষয়ে তিনি আগে থেকে অবগত ছিলেন না। প্রশাসনের কাজে তিনি কোনো ধরনের হস্তক্ষেপও করেন না। অপরাধে অভিযুক্ত কাউকে যেকোনো স্থান থেকে গ্রেপ্তারের এখতিয়ার প্রশাসনের রয়েছে।
তবে জানাজা শেষে শোকাতুর মুহূর্তে গ্রেপ্তারের সময় ও প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতে আরও সময়জ্ঞান ও সতর্কতা অবলম্বনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
একই সঙ্গে ঘটনাটিকে কেন্দ্র করে নোংরা রাজনীতি ও অপপ্রচারে জড়িত না হতে জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি। রাজনৈতিক মতভিন্নতা থাকলেও নান্দাইলকে সুন্দর ও বসবাসযোগ্য করে গড়ে তুলতে কাজ করে যাওয়ার কথা বিবৃতিতে উল্লেখ করেন সংসদ সদস্য।
এদিকে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, সাইফুল ইসলাম আগে দায়ের হওয়া একটি মামলার আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান জানতে পেরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
ওসি বলেন, অন্য কোনো উদ্দেশ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়নি। এটি নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



