মদিনা থেকে জেদ্দা ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশি
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে তাঁদের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, নিহত ব্যক্তিরা একটি গাড়িতে করে মদিনা থেকে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা সবাই সৌদি আরবের আল আবির কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে কর্মসূত্রে সম্পৃক্ত পরিবারের সদস্য।
প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে। এ ছাড়া ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তাঁর এক মাস বয়সী কন্যাসন্তান রয়েছেন।
নিহতদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায় বলে জানা গেছে। তবে তাঁদের বিস্তারিত পরিচয়, দুর্ঘটনার সুনির্দিষ্ট স্থান, সময় ও কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। পরে সেগুলো স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষ, দেশটির গণমাধ্যম কিংবা রিয়াদে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



