বিয়ে নিয়ে বিরোধ, জলপ্রপাতের কাছে প্রেমিকাকে হত্যার অভিযোগ

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬

চার বছরের প্রেমের সম্পর্ক। প্রেমিক বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তবে বিয়েতে বারবার আপত্তি জানাচ্ছিলেন প্রেমিকা। এ নিয়ে বিরোধের জেরে ভারতের কর্ণাটক রাজ্যের গোকাক জলপ্রপাতে ঘুরতে নিয়ে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক কনস্টেবলের বিরুদ্ধে।

নিহত ২৩ বছর বয়সী তরুণীর নাম রক্ষিতা। অভিযুক্ত প্রেমিক ২৯ বছর বয়সী বাসাপ্পা সাতান্নাভার। তিনি ভারতের সশস্ত্র সীমা বলের (এসএসবি) বিহারে অবস্থিত ২১তম ব্যাটালিয়নের কনস্টেবল। তাঁর বাড়ি কর্ণাটকের বেলগাভি জেলায়।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, রক্ষিতা ও বাসাপ্পার মধ্যে চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। বাসাপ্পা তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তবে বিয়ে নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই বিরোধ হতো।

পুলিশ জানায়, গত ২৮ অক্টোবর বিয়ে ও ভবিষ্যৎ নিয়ে আলোচনার কথা বলে রক্ষিতাকে গোকাক জলপ্রপাতে নিয়ে যান বাসাপ্পা। সেখানে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাসাপ্পা রক্ষিতাকে মারধর করেন এবং তাঁর কানে আঘাত করেন। পরে শ্বাসরোধে তাঁকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। এরপর জলপ্রপাতের কাছের একটি পাহাড়ি ঢালে মরদেহ ফেলে পালিয়ে যান তিনি।

এদিকে রক্ষিতা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন। পরে ১ নভেম্বর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে হত্যাকাণ্ডের তথ্য উদ্‌ঘাটন করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর রক্ষিতাকে হত্যার অভিযোগে বাসাপ্পাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, বাসাপ্পাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং হত্যাকাণ্ডের বিষয়ে আরও তদন্ত চলছে।