দুর্নীতিতে সমবায় খাতের প্রাণ হারিয়েছে : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

দুর্নীতি ও অনিয়মের কারণে দেশের অনেক সমবায় সমিতি কার্যকারিতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থা থেকে উত্তরণে সমবায় খাতে আইন সংস্কারের পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ রবিবার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, সমবায় শুধু পণ্য উৎপাদন কিংবা ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সমবায়কে কার্যকর হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে।

নিজের শৈশবের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, ছোটবেলায় ঠাকুরগাঁওয়ের মতো একটি ছোট মহকুমা শহরেও সমবায় কার্যক্রমের প্রাণবন্ত উপস্থিতি ছিল। সেখানে সমবায় ভবন, কোল্ড স্টোরেজ ও সমবায়ীদের মার্কেট ছিল। শহরের গণ্যমান্য ব্যক্তিরাও সমবায়ের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু সময়ের ব্যবধানে সেই সমবায় কার্যক্রমের চিত্র অনেকটাই বদলে গেছে।

তিনি বলেন, একসময় সমবায় আন্দোলনকে ঘিরে মানুষের মধ্যে যে আগ্রহ ও কর্মচাঞ্চল্য ছিল, বর্তমানে তা আর দেখা যাচ্ছে না।

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকটসহ অর্থনীতিতে নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এসব সংকট মোকাবেলা এবং অর্থনীতির চাকা সচল রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

সমবায় খাতের উন্নয়নে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দুর্নীতির কারণে অনেক সমিতি তাদের কার্যকারিতা হারিয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সমবায় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।