অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনীতির গণতন্ত্র কার্যকর হয় না : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনৈতিক গণতন্ত্র কখনো কার্যকর হয় না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অর্থনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলে রাজনৈতিক গণতন্ত্রের পথও সুগম হবে।

বিগত সরকারের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করাকে সময়ের অপচয় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমি কোনো সরকারের বিগত দিনের আলোচনায় যেতে চাই না, এটি ওয়েস্ট অব টাইম।’

আজ রবিবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনীতিকে গণতান্ত্রিক করতে পারলে রাজনীতির গণতন্ত্রের একটা পর্যায়ে আমরা যেতে পারব। কিন্তু অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনীতির গণতন্ত্র কোনো দিন কাজ করে না।’

সঠিক তথ্য ছাড়া অর্থনীতিতে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয় উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তথ্যের স্বচ্ছতা আনার চেষ্টা করছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

কোনো সরকার দেশের তথ্য নিয়ে প্রতারণা করলে তা নিজের সঙ্গে নিজে প্রতারণা করার শামিল বলেও মন্তব্য করেন তিনি।

সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, সরকার কোনো ধরনের তথ্য বিকৃত করতে চায় না। পরিসংখ্যান তৈরিতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। মানুষ যেন নির্ভরযোগ্য তথ্য পেতে পারে, সে লক্ষ্যেই কাজ করছে সরকার।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে অযোগ্য ব্যক্তিরা সুবিধা পেয়েছেন, আর যোগ্য ব্যক্তিরা ছিলেন সুবিধার বাইরে। এতে বাংলাদেশের সীমিত সম্পদের বড় একটি অংশ অপচয় হয়েছে।

নির্ভরযোগ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন ও সহজলভ্য পরিসংখ্যান নিশ্চিত করতে সরকার সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে বলেও জানান তিনি।