রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা, প্রতিহতের দাবি সৌদি জোটের

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রবিবার (৮ নভেম্বর) সকালে শহরটিতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে, ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।

এ ছাড়া রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও ধ্বংসের দাবি করেছে সামরিক জোট।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের কিছুক্ষণ আগে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ রিয়াদ অঞ্চলে সতর্কতা জারি করেছিল। পরে কর্তৃপক্ষ জানায়, আপাতত বিপদের আশঙ্কা কেটে গেছে।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি নেতৃত্বাধীন জোট ও হুতিদের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। তবে গত জুলাইয়ে সংঘাত আবার শুরু হয়। এরপর থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সৌদি আরবের বিমানবন্দর, বন্দর ও তেল স্থাপনায় হামলা চালিয়েছে হুতিরা। জবাবে ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।

মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের ইরানবিরোধী হামলাকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এর মধ্যেই ইয়েমেনে সৌদি জোট ও হুতিদের মধ্যে সংঘাত নতুন করে তীব্র হয়েছে।

সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার আগে হুতি-নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, সানার কাছে সৌদি বিমান হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। তবে সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্তের কথা জানিয়েছে।