ইরান যুদ্ধ বন্ধে শি ও পুতিনের সঙ্গে বৈঠক চান ট্রাম্প
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬
ইরানের সাথে চলমান যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নিয়ে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করতে চান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে এ দুই নেতার সাথে বৈঠকের আশা প্রকাশ করেছেন তিনি।
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, পুতিন ও শি চিনপিংয়ের সাথে তার বৈঠক বেশ আকর্ষণীয় হবে। এসব বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি ইরানের যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নিয়েও কথা বলবেন তারা।
ট্রাম্প আরও বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযান ভালোভাবেই এগোচ্ছে। দেশটির স্থল ও নৌপথে সরবরাহ বন্ধ করতে ‘অপারেশন আয়রন গেট’ চালু রয়েছে। এর ফলে স্থলপথে ইরানে কোনো সরবরাহ প্রবেশ করতে পারবে না। নৌ অবরোধের কারণেও জলপথে সরবরাহ বন্ধ রয়েছে বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এপেকের সদস্য ২১টি দেশ। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, চীন, রাশিয়া ও আমেরিকা। সংস্থাটির সদস্য দেশগুলোর নেতারা প্রতিবছর সম্মেলনে মিলিত হন।



