কেন অবনতি হচ্ছে ইইউ-চীন বাণিজ্য সম্পর্কে, নেপথ্যে চার কারণ

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কের কারণে দেশটির বাজারে চীনা পণ্যের রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বিকল্প বাজার হিসেবে ইউরোপের ওপর নির্ভরতা বাড়াচ্ছে চীন। অন্যদিকে চীনের এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য আলোচনায় নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এতে দুই পক্ষের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল ইন্টারেস্টের এক বিশ্লেষণে বলা হয়েছে, গত এক বছরে ইউরোপ ও চীনের বাণিজ্যিক সম্পর্কে বড় ধরনের পরিবর্তন এসেছে। একসময় পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে গড়ে ওঠা এই সম্পর্কে এখন অবিশ্বাস, বিরোধ ও প্রতিযোগিতা বাড়ছে। এর পেছনে প্রধানত চারটি কারণ রয়েছে।

প্রথমত, চীনের ‘মেড ইন চায়না ২০২৫’ কর্মসূচির আওতায় দেশটির উৎপাদনশিল্পের প্রযুক্তিগত সক্ষমতা ও পণ্যের মান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে চীনা প্রতিষ্ঠানগুলো এখন নিজেদের বাজারেই ইউরোপীয় কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করছে। এতে ইউরোপের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের ব্যবসা চাপে পড়েছে।

দ্বিতীয়ত, চীনের উৎপাদন সক্ষমতা অভ্যন্তরীণ চাহিদার তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। ফলে অতিরিক্ত পণ্য বিক্রির জন্য বিদেশি বাজারের ওপর দেশটির নির্ভরতা বাড়ছে। একই সময়ে জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কঠোর বাণিজ্যনীতির কারণে আমেরিকার বাজারে চীনা পণ্যের প্রবেশ সীমিত হয়েছে। ফলে ইউরোপের বাজারে চীনা পণ্যের চাপ বাড়ছে।

তৃতীয়ত, চীনের বাজারে ইউরোপীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অবস্থান দুর্বল হচ্ছে। একসময় চীনে দ্রুত বাড়তে থাকা মার্সিডিজ, বিএমডব্লিউ ও অডির বিক্রি সাম্প্রতিক সময়ে কমতে শুরু করেছে। ২০০৩ থেকে ২০২২ সালের মধ্যে চীনে মার্সিডিজের বিক্রি বছরে গড়ে ২৪ শতাংশ, বিএমডব্লিউর ২০ দশমিক ২ শতাংশ এবং অডির ১২ দশমিক ৬ শতাংশ হারে বাড়লেও এখন পরিস্থিতি উল্টো।

২০২৬ সালের মাঝামাঝি সময়ে চীনে মার্সিডিজের বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ কমে যায়। অন্যদিকে চলতি বছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত ১২ মাসে বিএমডব্লিউর বিক্রি কমেছে ২৫ শতাংশ।

চতুর্থত, ইউরোপের বাজারে চীনা পণ্যের আমদানি দ্রুত বাড়ছে। ২০২৫ সালে চীন থেকে ইইউর পণ্য আমদানি বেড়েছে ১২ দশমিক ৫ শতাংশ। ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত ১২ মাসে তা আরও ৮ শতাংশ বেড়েছে। ফলে চীনের সঙ্গে ইইউর বাণিজ্য ঘাটতিও বেড়েছে। ২০২৪ সালের প্রথম প্রান্তিকে এই ঘাটতি ছিল ৬৬ বিলিয়ন ইউরো, যা চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বেড়ে দাঁড়িয়েছে ১০৩ বিলিয়ন ইউরোতে।

এ পরিস্থিতিতে ফ্রান্স ও জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশ চীনের বাণিজ্যনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দ সতর্ক করে বলেছেন, চীনের সঙ্গে বাণিজ্য ইউরোপের অর্থনৈতিক শক্তির অন্যতম ভিত্তি মধ্যম প্রযুক্তিনির্ভর উৎপাদনশিল্পকে দুর্বল করে দিতে পারে।

তবে বর্তমান পরিস্থিতিতে চীনের ওপর চাপ প্রয়োগের ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। চীনা বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক আরোপের পর ইউরোপে এসব গাড়ি রপ্তানি বছরে সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজারে সীমিত রাখতে সম্মত হয়েছে বেইজিং। পরবর্তী সময়ে এই সীমা বার্ষিক ৬ শতাংশ হারে বাড়ানোর বিষয়েও সম্মতি দিয়েছে চীন। রাসায়নিক পণ্যের ক্ষেত্রেও একই ধরনের সীমা আরোপের আলোচনা চলছে।

প্যারিসভিত্তিক জ্যাক দেলোর ইনস্টিটিউটের বাণিজ্য ও অর্থনৈতিক নিরাপত্তাবিষয়ক পরিচালক এলভির ফ্যাব্রির মতে, ইউরোপের সামনে তৈরি হওয়া এই সুযোগ দীর্ঘস্থায়ী হবে না। আমেরিকার শুল্কনীতির কারণে চীনের বিকল্প বাজার সীমিত হয়ে পড়ায় ইউরোপ এখন সেই সুযোগ কাজে লাগাতে চাইছে। এর ফলে ওয়াশিংটনের শুল্কনীতি বেইজিংয়ের ওপর চাপ তৈরির পাশাপাশি ইউরোপের জন্যও কৌশলগত সুবিধা তৈরি করেছে।