ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎহীন ৭০ শতাংশ এলাকা
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬
ইরাকের উত্তরাঞ্চলের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) রাতে চালানো এ হামলায় গ্যাসক্ষেত্রের একটি স্থাপনায় আগুন ধরে যায়। এতে কুর্দি অঞ্চলের ৭০ শতাংশের বেশি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।
আল জাজিরার তথ্য যাচাইকারী সংস্থা সানাদ হামলার পর গ্যাসক্ষেত্র থেকে ধোঁয়া ও আগুনের শিখা ওঠার একাধিক ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে। বিস্ফোরকভর্তি ড্রোনটি গ্যাস সংরক্ষণাগারে আঘাত হানলে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৭০ থেকে ৮০ শতাংশ কমে যায় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
হামলার পর এরবিল, সুলাইমানিয়াহ, বাজিয়ান, চামচামাল ও দুহোক শহরের বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। কুর্দিস্তান আঞ্চলিক সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র ওমিদ আহমেদ ইরাকি সংবাদ সংস্থা আইএনএকে এ তথ্য জানিয়েছেন।
এর ফলে জাতীয় গ্রিড থেকে একযোগে প্রায় ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওমিদ আহমেদ। জলবিদ্যুৎকেন্দ্র ও বিকল্প জ্বালানিচালিত বিদ্যুৎকেন্দ্র চালুর মাধ্যমে হাসপাতাল ও পানি শোধনাগারের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ সচল রাখার চেষ্টা চলছে।
ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কুর্দি অঞ্চলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে একটি যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। আমেরিকা ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক সংঘাতের সাথে এ হামলার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এ হামলার ঘটনা ঘটল। এর আগেও গত বছর একই গ্যাসক্ষেত্রে অজ্ঞাত দুর্বৃত্তরা ড্রোন হামলা চালিয়েছিল।



