ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৫০, পা কেটে উদ্ধার ট্রাকচালক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের ভেতরে আটকে পড়া চালককে একটি পা কেটে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ভোর ৬টার দিকে মধুখালী বাজারের মরিচবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা থেকে আসা রডবোঝাই একটি ট্রাক সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে রড নামানোর জন্য ঘোরানোর চেষ্টা করছিল। এ সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ট্রাকটির মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী, চালক ও সহকারীসহ অন্তত ৫০ জন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এদিকে, ট্রাকচালক গাড়ির ভেতরে আটকা পড়লে তাঁর একটি পা কেটে তাঁকে উদ্ধার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা শেষে গন্তব্যে পাঠানো হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি।