তুল্লায় পাঁচতলা মাদরাসায় আগুন, হাসপাতালে ৪৮ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৪৮ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে মাদরাসাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, হাসপাতালে ভর্তি ৪৮ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের আইসিইউতে নেওয়া হয়েছে। তাঁরা হলেন ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।

ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পাঁচতলা মাদরাসা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ওই তলায় একটি লাইব্রেরি ছিল। আগুনে লাইব্রেরিটি পুড়ে গেছে বলে জানিয়েছেন হাসপাতালে আসা শিক্ষার্থীরা।

অসুস্থ শিক্ষার্থীদের বরাত দিয়ে চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মাদরাসার একটি অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করে। এ সময় ধোঁয়ায় কয়েকজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়।