তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। হতাহত সবাই কারখানাটির শ্রমিক বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর বিবিসির।

সোমবার (৯ নভেম্বর) ইজমির প্রদেশের আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস দেমির চেলিক কারখানায় এ বিস্ফোরণ ঘটে। এটি তুরস্কের অন্যতম বৃহৎ ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান। বিস্ফোরণের পর কারখানার ভেতরে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়।

স্থানীয় গভর্নর জানান, দুপুরের দিকে ক্রেন দিয়ে একটি নতুন বয়লার সরানোর সময় সেটি ভেঙে পড়ে। এতে বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লির মধ্যে পড়ে বিস্ফোরণ ঘটে।

প্রথমে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশওলু জানান, গুরুতর আহত ব্যক্তিদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। প্রথমে তাঁদের একজনের ধারণা হয়েছিল, ভূমিকম্প হয়েছে।

কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানায়, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে কারখানার একটি বৈদ্যুতিক আর্ক ফার্নেসে কাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে।

ইজমিরের গভর্নর সুলেমান এলবান জানান, ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পাশাপাশি উদ্ধার অভিযানও অব্যাহত রয়েছে।

বিবিসির তুর্কি বিভাগের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: বিবিসি