ফ্রান্সে ৭০০ সুপারমার্কেটে সাইবার হামলা, নেপথ্যে ইরানকে সন্দেহ
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬
ফ্রান্সের প্রায় ৭০০টি সুপারমার্কেট ও বাণিজ্যিক স্থাপনার ফ্রিজ এবং হিমায়িত খাবার সংরক্ষণের যন্ত্রে সাইবার হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতা সন্দেহ করছে দেশটির কর্তৃপক্ষ। গত অক্টোবরে চালানো এ হামলায় ইরানের প্রভাবশালী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি সাইবার ইউনিট জড়িত থাকতে পারে বলে মনে করছেন ফরাসি কর্মকর্তারা। হামলায় বিপুল পরিমাণ খাদ্য নষ্ট হওয়ার পাশাপাশি প্রায় ২০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) প্যারিসের সরকারি কৌঁসুলির দপ্তর জানায়, গত ১১ অক্টোবরের হামলায় ফ্রান্সজুড়ে প্রায় ৭০০টি বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। হিমায়িত পণ্য সংরক্ষণের যন্ত্রগুলোর তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়ায় বিপুল পরিমাণ খাবার নষ্ট হয়। এ ছাড়া প্রায় ২০টি স্থানে আগুন লাগার ঘটনা ঘটে।
ফরাসি গোয়েন্দা ও সাইবার নিরাপত্তা সংস্থাগুলোর যৌথ প্রতিবেদনে এ হামলার জন্য আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ‘শহীদ কাভে’ নামের একটি সাইবার আক্রমণকারী ইউনিটকে দায়ী করা হয়েছে। অভিযানে জড়িত থাকার অভিযোগে হামিদ রেজা লাশকারিয়ান, মাহদি লাশকারিয়ান ও রেজা সালারভান্দ নামে তিন ব্যক্তির পরিচয়ও উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হ্যাকাররা ‘সাইবার অ্যাভেঞ্জার্স’ ও ‘সাইবার ইসনাদ ফ্রন্ট’সহ বিভিন্ন ছদ্মনামে কার্যক্রম চালিয়েছে। হামলায় ব্যবহৃত ডিজিটাল অবকাঠামো, আগের সাইবার হামলার ধরন এবং প্রযুক্তিগত ব্যবস্থায় ফারসি ভাষার চিহ্ন বিশ্লেষণ করে শহীদ কাভের সংশ্লিষ্টতা শনাক্ত করা হয়েছে।
প্যারিসের সরকারি কৌঁসুলির দপ্তর জানিয়েছে, এ ঘটনায় স্বয়ংক্রিয় তথ্যপ্রক্রিয়াকরণ ব্যবস্থায় প্রতারণামূলক হস্তক্ষেপ এবং সংঘবদ্ধভাবে মানুষের জন্য বিপজ্জনক উপায়ে ক্ষতিসাধনের অভিযোগে বিচারিক তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো জানিয়েছেন, এ ঘটনায় ব্যাখ্যা চাইতে ইরানের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরও নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
হামলার প্রভাব ছিল ব্যাপক। কয়েকটি দোকানে ফ্রিজের তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে, সেগুলোতে আগুন ধরে যায়। ঘটনার পর সুপারমার্কেটের কর্মীদের নষ্ট হয়ে যাওয়া মাংস ও গলে যাওয়া আইসক্রিম বর্জ্যপাত্রে ফেলতে হয়। এক সুপারমার্কেট মালিকের ধারণা, দেশজুড়ে এ হামলায় আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক কোটি ইউরোতে পৌঁছাতে পারে।
ফ্রান্সে হামলার কয়েক সপ্তাহ পর বেলজিয়াম, লুক্সেমবার্গ ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারেও একই ধরনের সাইবার হামলা হয়। চলতি মাসে ইউরোপের শতাধিক প্রতিষ্ঠান দ্বিতীয় দফায় হামলার শিকার হয়েছে। ফ্রান্সের কয়েকটি রক্তব্যাংকের রক্ত সংরক্ষণের যন্ত্রও আক্রান্ত হয়। তবে রক্ত ও নমুনার কোনো ক্ষতি হয়নি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু রক্ত অন্য সংরক্ষণাগারে সরিয়ে নেওয়া হয়।
এর আগে গত আগস্টে আমেরিকার অন্তত ছয়টি সামরিক ঘাঁটির খাদ্যপণ্য বিক্রয়কেন্দ্রের ফ্রিজ অচল হয়ে যায়। মার্কিন সেনাবাহিনীর অপরাধ তদন্ত বিভাগ এ ঘটনা তদন্ত করছে। পেন্টাগনের তদন্তকারীরা একে সম্ভাব্য সাইবার হামলা হিসেবে দেখছেন। বিষয়টি নিয়ে ফরাসি কর্মকর্তাদের সাথেও কাজ করছেন তাঁরা। তদন্তসংশ্লিষ্ট এক ব্যক্তির বরাতে রয়টার্স জানিয়েছে, ওই হামলার পেছনেও ইরানকে সন্দেহ করছে পেন্টাগন। তবে তদন্ত এখনো শেষ হয়নি।
সোমবার পেন্টাগন জানায়, সম্ভাব্য সাইবার হামলা নিয়ে বিভিন্ন আলোচনার বিষয়ে তারা অবগত। তবে নিরাপত্তার স্বার্থে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি।
যুক্তরাষ্ট্র, ফ্রান্স বা হামলার শিকার অন্য ইউরোপীয় দেশগুলোর কর্মকর্তারা এখনো এসব ঘটনার মধ্যে সরাসরি যোগসূত্র থাকার বিষয়ে নিশ্চিত কোনো বক্তব্য দেননি। ইরানের জাতিসংঘ মিশনের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও তারা সাড়া দেয়নি। তেহরান সাধারণত এ ধরনের সাইবার হামলার অভিযোগ অস্বীকার করে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, আক্রান্ত ফ্রিজ ও হিমায়িত পণ্য সংরক্ষণের যন্ত্রগুলোর অনেকগুলোই পুরোনো ছিল অথবা সেগুলোতে হালনাগাদ নিরাপত্তাব্যবস্থা ছিল না। ফলে হ্যাকারদের পক্ষে এসব ব্যবস্থায় প্রবেশ করা সহজ হয়ে থাকতে পারে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান প্রুফপয়েন্টের জ্যেষ্ঠ হুমকি গবেষক সাহের নওমানের মতে, এ হামলা ইরানের সাইবার সক্ষমতার চেয়ে বরং এ ধরনের যন্ত্রের নিরাপত্তা দুর্বলতাকেই বেশি স্পষ্ট করেছে।
ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুদ্ধের মধ্যে এ হামলাগুলোকে ইউরোপে সংঘটিত সবচেয়ে বিঘ্নসৃষ্টিকারী সাইবার হামলাগুলোর অন্যতম হিসেবে দেখা হচ্ছে। এর আগে মার্চে লস অ্যাঞ্জেলেসের গণপরিবহন ব্যবস্থা, জুলাইয়ে আমেরিকার পানি শোধনাগার এবং আগস্টে আমেরিকাগামী কয়েকটি জাহাজেও সাইবার হামলার অভিযোগ উঠেছিল।
সূত্র: রয়টার্স ও সিবিএস নিউজ



