নতুন এনআইডির সুযোগ নেই শেখ হাসিনার, ব্যাখ্যা দিল ইসি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নতুন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা। তাঁদের মতে, আইনি ও কারিগরি—দুই কারণেই নতুন করে এনআইডি পাওয়ার সুযোগ নেই তাঁর। কারণ, শেখ হাসিনার আগের এনআইডি ব্লক করা রয়েছে। পাশাপাশি আইন অনুযায়ী, একবার ভোটার হিসেবে নিবন্ধিত হয়ে এনআইডি পাওয়ার পর দ্বিতীয়বার নতুন করে ভোটার হওয়ার সুযোগ নেই।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন বলে সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে প্রকাশিত এসব খবরকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে সরকার।

ইসি কর্মকর্তারা জানান, জাতীয় পরিচয়পত্র আইন অনুযায়ী, একজন নাগরিক একবার ভোটার হিসেবে নিবন্ধিত হয়ে এনআইডি পাওয়ার পর দ্বিতীয়বার নতুন করে নিবন্ধনের সুযোগ নেই। একাধিকবার ভোটার নিবন্ধন করে এনআইডি নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। অতীতে এমন ঘটনা শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলাও হয়েছে।

কর্মকর্তারা জানান, কেউ সরল বিশ্বাসে একাধিক এনআইডির জন্য আবেদন করার কথা স্বীকার করলে সাধারণত প্রথম এনআইডিটি বহাল রেখে পরবর্তীটি বাতিল করা হয়।

আইনি বাধার পাশাপাশি রয়েছে কারিগরি প্রতিবন্ধকতা। বর্তমানে নতুন করে ভোটার নিবন্ধনের আবেদন করা হলে আবেদনকারীর আঙুলের ছাপ সার্ভারে সংরক্ষিত তথ্যের সাথে মিলিয়ে দেখা হয়। আগে নিবন্ধিত থাকলে আঙুলের ছাপের মাধ্যমে তা শনাক্ত করা সম্ভব। ফলে দ্বিতীয়বার নিবন্ধনের আবেদন প্রক্রিয়াকরণের সুযোগ থাকে না।

অতীতে কেউ কেউ হাতের আঙুলের পরিবর্তে পায়ের আঙুলের ছাপ ব্যবহার করে দ্বিতীয়বার নিবন্ধনের চেষ্টা করেছিলেন। তবে এ ধরনের জালিয়াতি ঠেকাতে বর্তমানে নিবন্ধন প্রক্রিয়ায় বিষয়টি বিশেষভাবে যাচাই করা হয়।

সূত্র জানায়, গত বছরের মার্চে শেখ হাসিনা ও তাঁর পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করে দেয় এনআইডি অনুবিভাগ। এ-সংক্রান্ত নথিতে শাখাটির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন উল্লেখ করেন, এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে তাঁদের পরিচয়পত্র লক করা হয়েছে।

তালিকায় রয়েছেন শেখ হাসিনা, শেখ রেহানা সিদ্দিক, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।

এদিকে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে পাঠানো ইমেইলটি তাঁর পক্ষ থেকে করা হয়েছে কি না, তা নিশ্চিত নয় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানান, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের কাছ থেকে এ-সংক্রান্ত একটি ইমেইল পেয়েছে মিশন। তবে ইমেইলের সাথে শেখ হাসিনার অনুমোদন বা প্রতিনিধিত্বের প্রমাণসংক্রান্ত কোনো নথি পাঠানো হয়নি। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এর আগে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করেছেন। তাঁর আইনজীবীরা সোমবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে এ-সংক্রান্ত চিঠি পাঠান। চিঠিটি দেখার সুযোগ পাওয়ার কথাও জানিয়েছে বার্তা সংস্থাটি।

প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়। ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিতে উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন।

চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতার বিষয়টিও উল্লেখ করেন আইনজীবীরা। একই সাথে আবেদনটি দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানান তাঁরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর তাঁর নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার খবর প্রকাশিত হয়।