রক্তচাপ ১৯২, ব্রেইন স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকিতে ইমরান খান

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। দ্রুত উন্নত চিকিৎসা না পেলে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেইন হেমারেজ) কিংবা হৃদরোগে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার।

একই সঙ্গে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার সালমান সাফদার জানান, সম্প্রতি তিনি আদিয়ালা কারাগারে ইমরান খান ও বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে আদালতকেও অবহিত করেছেন তিনি।

আইনজীবী জানান, গত ১ নভেম্বর কারাগারে ইমরান খানের রক্তচাপ আশঙ্কাজনকভাবে বেড়ে ১৯২-এ পৌঁছেছিল। দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা না করা হলে তাঁর শরীরে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে।

এ পরিস্থিতিতে ইমরান খান ও বুশরা বিবিকে অবিলম্বে হাসপাতালে স্থানান্তর এবং তাঁদের চিকিৎসার জন্য স্বাধীন ও নিরপেক্ষ মেডিকেল বোর্ড গঠনের আবেদন জানিয়েছেন তিনি।

অন্যদিকে, ইমরান খানের স্ত্রী বুশরা বিবির চোখের দৃষ্টিশক্তি ক্রমেই কমে আসা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই আইনজীবী। তিনি জানান, আগামী ১৫ নভেম্বর বুশরা বিবির পরবর্তী চোখের অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত রয়েছে। তবে তিনি আগের হাসপাতালে কিংবা পুরোনো চিকিৎসকদের অধীনে অস্ত্রোপচার করাতে রাজি নন।

প্রথম অস্ত্রোপচারের পর চোখে ব্যান্ডেজ থাকা অবস্থায় তাঁকে দ্রুত কারাগারে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন ব্যারিস্টার সাফদার। একই সঙ্গে বুশরা বিবির আগের সব অস্ত্রোপচারের বিস্তারিত প্রতিবেদনও দাবি করেন তিনি।

আইনি বিষয়ে সাফদার বলেন, আল-কাদির ট্রাস্ট মামলায় আদালতের কার্যক্রমে পূর্ণ সহযোগিতা করার জন্য ইমরান খান ও বুশরা বিবি তাঁদের আইনজীবীদের নির্দেশ দিয়েছেন।

বিচারক মূল আপিলগুলোর শুনানি একসঙ্গে করতে সম্মত হয়েছেন। তবে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (ন্যাব) আপিল নাকি আল-কাদির ট্রাস্ট মামলার শুনানি আগে হবে, সে বিষয়ে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান সব আইনি লড়াই আদালতের মাধ্যমেই সুরাহা করতে চান বলে জানান তাঁর আইনজীবী। শিগগিরই ব্যারিস্টার লতিফ খোসাকে সঙ্গে নিয়ে ইমরান খানের সঙ্গে আবারও সাক্ষাৎ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।