ইরানে আয়োডিন ট্যাবলেট বিতরণের খবর ঘিরে বিতর্ক

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর আশপাশে আয়োডিন ট্যাবলেট বিতরণের খবর অস্বীকার করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের সঙ্গে কথা বলেননি বলে দাবি করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্যকেন্দ্রের প্রধান হোসেইন কারমানপুর।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কারমানপুর বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নামে দ্য টাইমসে প্রকাশিত বক্তব্য মিথ্যা। শত্রুপক্ষ শিশুদেরও রেহাই দেয় না—এমন বিভিন্ন পরিস্থিতি ও হুমকি মোকাবিলায় ইরানের স্বাস্থ্যব্যবস্থা প্রস্তুত রয়েছে।

এর আগে দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক অজ্ঞাতপরিচয় কর্মকর্তা পারমাণবিক স্থাপনাগুলোর দুই থেকে তিন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আয়োডিন ট্যাবলেট বিতরণের বিষয়টি নিশ্চিত করেছেন। আমেরিকার নতুন করে হামলার আশঙ্কায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে কারমানপুর বলেন, যুদ্ধাবস্থা ঘোষণা করার এখতিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেই। এমন পরিস্থিতিতে যাচাই না করা খবর প্রকাশ করা দায়িত্বজ্ঞানহীন কাজ।

বিশেষজ্ঞদের মতে, আয়োডিন ট্যাবলেট সরাসরি পারমাণবিক বিস্ফোরণ কিংবা সব ধরনের তেজস্ক্রিয় বিকিরণ থেকে সুরক্ষা দেয় না। এগুলো মূলত তেজস্ক্রিয় আয়োডিন শোষণ থেকে থাইরয়েড গ্রন্থিকে রক্ষা করে। এর ফলে দীর্ঘ মেয়াদে থাইরয়েড ক্যানসারের ঝুঁকি কমতে পারে। শিশু, নবজাতক, গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের ক্ষেত্রে এসব ট্যাবলেটের উপকারিতা তুলনামূলক বেশি।

এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তিনি দেখছেন না। তবে পরিস্থিতির পরিবর্তন হলে ব্যবস্থা নিতে তাঁর দেশ পুরোপুরি প্রস্তুত।

ইরানের সঙ্গে চলমান সংঘাত প্রসঙ্গে ট্রাম্প বলেন, তাঁর ধারণা, এটি খুব শিগগিরই শেষ হবে।

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ এতটাই কার্যকর হচ্ছে যে দেশটির বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন ট্রাম্পের নেই।

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির বিপর্যয়ের কয়েক দিন পর এসব বক্তব্য এসেছে। নির্বাচনে ভোটারদের মধ্যে আট মাস ধরে চলা সংঘাত এবং জ্বালানির উচ্চমূল্য নিয়ে অসন্তোষের প্রতিফলন দেখা গেছে।