ঢাকার এক কোটি মানুষের জন্য বিশুদ্ধ পানির সংকট!

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

রাজধানী ঢাকায় বসবাসকারী এক কোটিরও বেশি মানুষ প্রতিদিন বিশুদ্ধ পানি পান করতে পারেন না বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দূষিত পানি পান করার কারণে মানুষের শরীরে নানা ধরনের রোগ ছড়িয়ে পড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় নির্মাণ, আবাসন, বিদ্যুৎ ও পানি ব্যবস্থাপনা খাতের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ফরহাদ হোসেন আজাদ বলেন, রাজধানী ঢাকায় প্রায় তিন কোটি মানুষের বসবাস। অথচ এর মধ্যে এক কোটিরও বেশি মানুষ প্রতিদিন বিশুদ্ধ পানি পান করতে পারছেন না। এ অবস্থা চলতে থাকলে দেশে হাসপাতালের সংখ্যা বাড়বে, সেই সঙ্গে বাড়বে রোগীর সংখ্যাও।

তিনি বলেন, আমরা পানিকে খুব সহজলভ্য মনে করি। কিন্তু প্রতিদিন যে পানি পান করছি, তা কতটা বিশুদ্ধ, সে বিষয়ে যথেষ্ট সচেতন নই। খাদ্যে ভেজাল কিংবা যানবাহনের ধোঁয়া ও কার্বন দূষণের পাশাপাশি দূষিত পানিও মানুষের স্বাস্থ্যের জন্য বড় হুমকি।

রাজধানীর চারপাশের নদীগুলোর দূষণ পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, একসময় বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদী মাছের জন্য পরিচিত ছিল। কিন্তু বর্তমানে এসব নদীতে মাছ চাষের উপযোগী পরিবেশ নেই। এসব নদীর পানি ব্যবহার করলে পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

নদীর প্রাণ ফিরিয়ে আনা ও নাব্য পুনরুদ্ধারে সরকারের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন, পুনঃখনন এবং পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া সরকার গঠনের তিন মাসের মাথায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারির শেষ দিকে অথবা মার্চের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী প্রকল্পটির নির্মাণকাজ উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম।