গুপ্তচরবৃত্তির মিথ্যা অভিযোগ তোলা বন্ধ করুক আমেরিকা: চীন

ডেল্টা আর্ন্তজাতিক

ডেল্টা আর্ন্তজাতিক

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে প্রযুক্তি খাতে নিষেধাজ্ঞা দেওয়ার অজুহাত খোঁজা বন্ধ করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। চীনের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি নিজস্ব উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে হচ্ছে বলে দাবি করেছে দেশটি।

বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

বিবিসির সাংবাদিক লরা বিকার এনভিডিয়া-সংক্রান্ত একটি মামলার প্রভাব নিয়ে প্রশ্ন করলে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন মাও নিং।

তিনি বলেন, চীনের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন নিজস্ব উদ্ভাবন এবং বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের অজুহাত খুঁজতে আমেরিকার উচিত গুপ্তচরবৃত্তির মিথ্যা অভিযোগ তোলা বন্ধ করা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে যোগাযোগের বিষয়ে বেইজিং ও ওয়াশিংটন নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে। দুই নেতার মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ সমঝোতাগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে আমেরিকার সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন।

তিনি বলেন, পারস্পরিক সম্মান, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে আমেরিকার সঙ্গে গঠনমূলক এবং স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে চায় বেইজিং।

আমেরিকা ও চীনের মধ্যে প্রযুক্তি, বাণিজ্য এবং নিরাপত্তা ইস্যুতে চলমান টানাপোড়েনের মধ্যেই বেইজিংয়ের পক্ষ থেকে এমন বক্তব্য এলো।