ইউক্রেনজুড়ে সামরিক কারখানায় রাতভর রাশিয়ার ব্যাপক হামলা

ডেল্টা আর্ন্তজাতিক

ডেল্টা আর্ন্তজাতিক

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

ইউক্রেনের বিভিন্ন স্থানে সামরিক কারখানা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন অঞ্চলে এ হামলা চালানো হয়। এতে কিয়েভের একটি আবাসিক ভবনে রুশ ড্রোনের আঘাতে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরটির মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, সোলোমিয়ানস্কি জেলায় একটি ৯ তলা আবাসিক ভবনে রুশ ড্রোন আঘাত হানে। এতে ভবনটিতে আগুন ধরে যায়। পরে ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। আহত পাঁচজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভের একটি ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা, বৃহত্তর কিয়েভ অঞ্চলের একটি ড্রোন সংযোজন কারখানা এবং ক্ষেপণাস্ত্রের জ্বালানি উৎপাদনকেন্দ্রে হামলা চালানো হয়েছে। এ ছাড়া পশ্চিমাঞ্চলীয় জিতোমির অঞ্চলের বিদ্যুৎ উপকেন্দ্রগুলোও হামলার লক্ষ্যবস্তু ছিল।

অন্যদিকে, ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রিভনে এলাকায় রুশ হামলায় জ্বালানি ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।

এদিকে রাশিয়ার রাজধানী মস্কো লক্ষ্য করেও ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে ইউক্রেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাতভর রাজধানীমুখী পাঁচটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, একই রাতে দেশটির বিভিন্ন অঞ্চলে মোট ৭১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই দেশের সামরিক ও বেসামরিক অবকাঠামোতে ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে।