যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা, হাসপাতালে নিহত ৬
ডেল্টা আর্ন্তজাতিক
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে নাসের হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক চিকিৎসকসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে খান ইউনিসের হাসপাতালটির একটি ভবনে এ হামলা চালানো হয়।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলি হামলায় হাসপাতালের সার্জারি বিভাগ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত চিকিৎসকের নাম রেজিক আবুশিরা।
হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, হাসপাতালটিতে অবস্থানরত হামাসের সশস্ত্র শাখার একজন জ্যেষ্ঠ সদস্য এবং অন্য যোদ্ধাদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযোগ, হামাস হাসপাতালটিকে সামরিক অভিযানের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছে। সেখানে অস্ত্র মজুত, সামরিক নির্দেশনা ও সমন্বয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি পর্যবেক্ষণকেন্দ্র এবং যোদ্ধাদের আশ্রয়স্থল হিসেবেও হাসপাতালের বিভিন্ন অংশ ব্যবহার করা হচ্ছে। তবে ইসরায়েলের এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
এদিকে হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটির এক মুখপাত্র এ ঘটনাকে ‘পরিপূর্ণ যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন।
হামলার পর হাসপাতালের ভেতরের ভিডিওতে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। বিভিন্ন কক্ষে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ধ্বংসস্তূপ ও আসবাবপত্র। আহতদের স্ট্রেচারে করে সরিয়ে নিতে দেখা যায় উদ্ধারকর্মীদের।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত এক হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের দাবি, এ সময়ে তাদের চার সেনা নিহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। ওই বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হওয়ার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।



