এমপির বাড়িতে আগুন লেগেছে, নাকি লাগানো হয়েছে-তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দুর্ঘটনাবশত লেগেছে, নাকি পরিকল্পিতভাবে লাগানো হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় তদন্তের জন্য যৌথ টিমকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলামের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগুন লেগেছে, না লাগিয়েছে, এটা তদন্ত করতে আমি অলরেডি যৌথ টিমকে নির্দেশ দিয়েছি।’

তিনি জানান, সরেজমিনে গিয়ে বিজিবির একটি দল ঘটনাস্থলে পেট্রলবোমা ব্যবহারের কোনো চিহ্ন পায়নি। সেখানে পেট্রলবোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি। বাড়ির দেয়ালেও পেট্রলবোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ছাড়া কোনো প্রত্যক্ষদর্শীর কাছ থেকেও পেট্রলবোমা ব্যবহারের তথ্য পাওয়া যায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মোটামুটিভাবে এখনো ধারণা করা হচ্ছে, এখানে পেট্রলবোমা ব্যবহৃত হয়নি।’

অধিকতর তদন্তের প্রতিবেদন পাওয়ার পর আগুনের প্রকৃত কারণ জানা যাবে উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় কোনো নাশকতা থাকলে জড়িতদের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ ব্যবস্থা নেবে।

মন্ত্রী আরও বলেন, প্রাথমিকভাবে পাওয়া আলামতে দেখা গেছে, পুরোনো বাড়ি হওয়ায় সেখানে বৈদ্যুতিক সংযোগের দুর্বলতা ছিল। একটি ছবিতে ঘটনাটি শর্টসার্কিটের মতো মনে হলেও তা এখনো অনুমাননির্ভর। তদন্তের পরই এ বিষয়ে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া সম্ভব হবে।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জিডির ভিত্তিতে পুলিশ তদন্ত করছে।

উল্লেখ্য, গতকাল বুধবার দিবাগত রাতে এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগে। পরে ফেসবুক পোস্টে তাঁর বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেন এনসিপির এই নেত্রী।