দেশে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছাড়াল ১ হাজার ৩০০

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬

দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে এক হাজার ৩০৪ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নিশ্চিত হাম ও হাম উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪১৯ জন।

শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ২৭১ জন। অন্যদিকে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৪৮ জন।

গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশে হাম উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই লাখ ৪৫ হাজার ৫৬২ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ১০ হাজার ৪০১ জন।

এ সময়ে হাম উপসর্গে মোট এক হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। সব মিলিয়ে হাম ও হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩০৪ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।