আমেরিকায় চার ঘণ্টা বন্ধ ছিল বিমান চলাচল, ভোগান্তিতে হাজারো যাত্রী
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬
আমেরিকায় প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে বিমান চলাচল। দেশটির পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটির কারণে এ বিপর্যয় ঘটে। এতে দেশজুড়ে হাজার হাজার ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ ব্যাহত হয়। বিমানবন্দরগুলোতে আটকা পড়েন বিপুলসংখ্যক যাত্রী।
আমেরিকার পরিবহনমন্ত্রী শন ডাফি এ বিপর্যয়ের জন্য পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থাকে দায়ী করেছেন। তিনি জানিয়েছেন, ব্যবস্থাটি আবার সচল করা হলেও আগামী কয়েক দিন বিমান চলাচলে ভোগান্তি অব্যাহত থাকতে পারে।
স্থানীয় সময় রাত সোয়া ৮টার দিকে দেশজুড়ে বিমান উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ প্রত্যাহার করা হয়। তবে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিবহনমন্ত্রী শন ডাফি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন এ পরিস্থিতির জন্য পুরোনো প্রযুক্তি ও প্রয়োজনীয় আধুনিকায়নের অভাবকে দায়ী করেছেন। তাঁদের দাবি, কংগ্রেসের কাছ থেকে পর্যাপ্ত অর্থায়ন না পাওয়ায় দীর্ঘদিন ধরে বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকায়ন করা সম্ভব হয়নি।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন জানান, এ ঘটনার পেছনে সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সম্প্রতি মাইক্রোসফটের সেবায় দেখা দেওয়া বিভ্রাটের সাথেও এর কোনো সম্পর্ক নেই।
তবে তিনি সতর্ক করে বলেন, বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার পুরোপুরি সংস্কার না হলে এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। তাঁর মতে, এবার পুরো ব্যবস্থাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে। তবে আমেরিকার অন্যতম বড় ভ্রমণ উৎসব থ্যাংকসগিভিংয়ের আগেই বিমান চলাচল পূর্ণ সক্ষমতায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
৫০ বিলিয়ন ডলার চাইলেন পরিবহনমন্ত্রী
পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার পরিবর্তে নতুন প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তুলতে কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার চেয়েছেন পরিবহনমন্ত্রী শন ডাফি। তাঁর মতে, বিভিন্ন সময়ে নেওয়া খণ্ডকালীন সমাধানের কারণে বিদ্যমান ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।
সম্প্রতি স্থাপন করা নতুন সরঞ্জামগুলোর কোনোটিই এ বিপর্যয়ের জন্য দায়ী নয় বলে জানিয়েছেন তিনি। ডাফির ভাষ্য, যে ব্যবস্থা অচল হয়ে পড়েছিল, সেটি ছিল পুরোনো প্রযুক্তিনির্ভর।
তিনি আরও জানান, সুইচগুলোর ওপর অতিরিক্ত চাপ কমাতে কিছু বিকল্প ব্যবস্থা চালু করা হয়। এর ফলে নেটওয়ার্কগুলো আবার সচল করা সম্ভব হয়েছে। পরিস্থিতি পর্যালোচনার পর কর্মকর্তারা নিশ্চিত হন, এটি কোনো সাইবার হামলা নয়; বরং পুরোনো সরঞ্জাম ও নেটওয়ার্কের ত্রুটির কারণে এ বিপর্যয় ঘটেছে।
পরিবহনমন্ত্রী বলেন, আধুনিক ও উন্নত প্রযুক্তিনির্ভর বিমান চলাচল ব্যবস্থা গড়ে তুলতে কংগ্রেসের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ ও সম্পদ নিশ্চিত করতে হবে। এ জন্য তাঁর ৫০ বিলিয়ন ডলার প্রয়োজন।
যেভাবে শুরু হয় বিপর্যয়
ডাফির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৬ মিনিটে দেশজুড়ে রাডার, যোগাযোগব্যবস্থা এবং নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে অস্থিতিশীলতা দেখা দেয়।
রাউটার থেকে পাওয়া তথ্যে অসংগতি দেখা দেওয়ার পর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়। রাউটারগুলোতে অতিরিক্ত তথ্যের চাপ তৈরি হওয়ায় সেগুলো থেকে পাওয়া তথ্যে অসংগতি দেখা দিয়েছিল।
এর ফলে বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করতে পারেনি। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৯/১১-এর মতো ঘটনা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
আমেরিকাজুড়ে বিমান চলাচল বন্ধ রাখার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন বারবার বলেছেন, এটি আরেকটি ৯/১১-এর ঘটনা নয়।
এ বিষয়ে বিবিসি ভেরিফাই ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয়ের বিমান চলাচল ও পরিবেশবিষয়ক সহযোগী অধ্যাপক গাই গ্র্যাটনের সাথে কথা বলেছে। তিনিও মুলিনের বক্তব্যের সাথে একমত পোষণ করে বলেন, ৯/১১-এর পর এটিকে বড় ঘটনা হিসেবে বিবেচনা করা যেতে পারে। তবে এর মাত্রা ৯/১১-এর ঘটনার সমতুল্য নয়।
এ ধরনের ঘটনার তুলনা করতে গিয়ে অধ্যাপক গ্র্যাটন ২০২৩ সালে আমেরিকায় বিমান চলাচল বন্ধ রাখার একটি ঘটনার কথা উল্লেখ করেন। সে সময় বিমান চলাচলসংক্রান্ত নোটিশ ব্যবস্থায় ত্রুটির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল।
তিনি জানান, ওই সময় বিমান চলাচল বন্ধ ছিল ১ ঘণ্টা ৫২ মিনিট। এতে প্রায় ৯ হাজার ৫০০টি ফ্লাইট বিলম্বিত এবং প্রায় ১ হাজার ৩০০টি ফ্লাইট বাতিল হয়েছিল। বিমান চলাচলের নিরাপত্তাসংক্রান্ত নোটিশ প্রকাশ করা সম্ভব না হওয়ায় ব্যবস্থাটি পুনরায় সচল না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল।
তবে ২০২৩ সালের ঘটনার তুলনায় এবারের অচলাবস্থা অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়েছে। এতে বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণে ভ্রমণকারীদের দুর্ভোগও বেড়েছে।
সূত্র: বিবিসি



