গাজীপুরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, সড়ক ছাড়লেন শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সকালে কারখানায় গিয়ে হাজিরা দেওয়ার পর তাঁরা কাজ না করে বাইরে বেরিয়ে আসেন।

কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনের সময় এপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হওয়ার পর মারা গেছেন—এমন একটি গুজব ছড়িয়ে পড়ে। এ ঘটনার জের এবং বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে একপর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান। সকাল সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে যানবাহন চলাচল শুরু হয়।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে কারখানা থেকে বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। প্রথমে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।