পুতিন-শির সঙ্গে বৈঠকে ইউক্রেন নয়, ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করবেন ট্রাম্প

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে এ বৈঠকে আলোচনার কোনো পরিকল্পনা নেই তাঁর।

আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে অনুষ্ঠেয় বৈঠকের আগে এক জ্যেষ্ঠ আমেরিকান কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের সঙ্গে এক ফোনালাপে ওই কর্মকর্তা বলেন, ‘আমার ধারণা, শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে প্রেসিডেন্ট ইরান নিয়ে আলোচনা করতে চান।’

তবে ইউক্রেন ইস্যুতে কিয়েভ ও মস্কোর সঙ্গে ওয়াশিংটনের আলাদা কূটনৈতিক আলোচনা চলছে বলে জানান তিনি।

ওই কর্মকর্তা বলেন, এ বিষয়ে আমেরিকার সম্পূর্ণ আলাদা একটি আলোচনার প্রক্রিয়া রয়েছে। চীন মূলত সেই প্রক্রিয়ার অংশ নয়। তাই সেখানে ইউক্রেন নিয়ে আলোচনা করাটা উপযুক্ত বলে মনে হয় না।

এ ছাড়া বৈঠকে বিশ্বের পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়টি নিয়েও পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করতে চান ট্রাম্প। বিশ্বে পারমাণবিক অস্ত্রের বিস্তারকে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করেন তিনি। এ কারণে অস্ত্রের মজুত কমানোর বিষয়টি বৈঠকে তুলবেন ট্রাম্প।

তবে তিন নেতার বৈঠকে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়ে ট্রাম্পের বারবার জোর দেওয়ায় কিছুটা অসন্তুষ্ট চীন। বাণিজ্য ও অর্থনীতিকেন্দ্রিক সম্মেলনের আয়োজক দেশটি এ আলোচনায় আগ্রহ দেখায়নি।

বিশ্বে পারমাণবিক অস্ত্রের সবচেয়ে বড় মজুত রয়েছে আমেরিকা ও রাশিয়ার হাতে। এ বিষয়ে ওয়াশিংটন ও মস্কোর সঙ্গে আলোচনায় বসার চেষ্টা থেকেও সরে রয়েছে বেইজিং।